বেরোবিতে ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রতিনিধি, বেরোবি

বেরোবিতে ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রংপুরে রেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। তবে সাত মাস আগে শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৭ জুলাই ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। গতকাল শুক্রবার আনন্দ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের দাবি, একদিকে প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা বলছে। অন্যদিকে রাজনৈতিক সংগঠনের কমিটি ঘোষণায় সেই সিদ্ধান্তের কার্যকারিতা ও প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা, যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা সবার জন্য সমানভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রদলের নতুন কমিটি ও আনন্দ মিছিলের সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুমানুল ইসলাম রাজ ফেসবুক পোস্টে দাবি করেন। নিষিদ্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্ররাজনীতির পুনরায় প্রকাশ প্রশাসনের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

আরেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বলেন, ১০৮তম সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মতে, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নীরব ও প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, শুধু সিদ্ধান্ত গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয় না; সেটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। শুরু থেকেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে আজ এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ তৈরি হতো না। তিনি সিন্ডিকেটের সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন এবং সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানান।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, তাদের মতে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে সুস্থ ধারার ছাত্ররাজনীতির পথ বন্ধ করেছে। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি চালু থাকলে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হতো।

বেরোবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ১২২তম সিন্ডিকেটে ছাত্র উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন হলের প্রভোস্টকে সদস্য এবং মো. মাসুদ রানাকে সদস্যসচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সিন্ডিকেটের আগেই ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চালু হবে না বন্ধ থাকবে এই বিষয়ে বিষয়ে তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন