প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না চলতি মাসে

স্টাফ রিপোর্টার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না চলতি মাসে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকলেও চলতি মাসে তা প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার রাতে সংস্থাটির একজন অতিরিক্ত পরিচালক নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, চলতি মাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু বিষয়ে জটিলতার কারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। চলতি সপ্তাহেই মন্ত্রণালয়ে সভা হবে; ওইসভায় সিদ্ধান্ত নেওয়ার পর আগামী জুলাই মাসের শুরুতেই ফলাফল প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞাপন

একই ধরনের তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা আমার দেশকে বলেন, বলা যাচ্ছে না কবে নাগাদ বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসার পর তা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফলাফলে যাতে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি না থাকে, সে জন্য তা এখন শেষ পর্যায়ের যাচাই-বাছাই চলছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হতে পারে।

এর আগে চলতি বছরের ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সূচিতে পরীক্ষা নেয়া হয় ১৭ থেকে ২০ এপ্রিল।

এবার সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তির জন্য মনোনীত করা হবে। তবে এবার সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের জন্য কোটা ভাগ করা হয়েছে। মোট বৃত্তির ৮০ শতাংশ অর্থাৎ ৬৬ হাজার শিক্ষার্থী নির্বাচিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। বাকি ২০ শতাংশ বা ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে বেসরকারি বিদ্যালয় থেকে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা থাকবে সমান (৫০ শতাংশ করে)।

নির্বাচিত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’–এই দুই ভাগে আর্থিক সুবিধা দেয়া হবে। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা করে পাবে। উভয় গ্রেডের শিক্ষার্থীরাই প্রতিবছর এককালীন ২২৫ টাকা করে অতিরিক্ত ভাতা পাবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী তিন বছর শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতে এই বৃত্তির টাকার পরিমাণ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবও সরকারের বিবেচনাধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...