অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা  শুরু
ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এ বছর এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। আর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।

বিজ্ঞাপন

এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। গতবারের তুলনায় যা ১৯ হাজার ৪৭২ জন বেশি। ৯ সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বাংলা প্রথম প্রত্রের মধ্যদিয়ে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব।

এবার ২ হাজার ৯৯৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই ঢাকায়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপ্রত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে সেই দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন