মেসির প্রশংসায় তারকারা

বিনোদন রিপোর্টার

মেসির প্রশংসায় তারকারা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করায় ‘মেসি ম্যাজিক’-এর উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে প্রিয় দলের জয় এবং এককভাবে মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে উল্লাস প্রকাশ করেছেন তারা।

লিওনেল মেসিসহ টেলিভিশন স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ড করে আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি পোস্ট করে সংগীতশিল্পী কণা লিখেছেন, ‘ইয়েস, আর্জেন্টিনা ভামোস।’

বিজ্ঞাপন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।

ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরি একটি বিষয়।

অন্যদিকে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারি ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।

নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লিখেছেন, দল যার যার হলেও মেসি সবার।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে পুনরায় অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন।

আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! তিনবার পড়ো মেসি, মেসি, মেসি!।

এছাড়া চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই আমাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা আমাকে আটকে রেখেছে।

অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে। আরেকটি পোস্টে মেসির ছবি শেয়ার করে লিখেছেন, ‘মেসি তুমি মনটা কেড়ে নিলা’।

এ ছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে খেলা দেখার প্রস্তুতির ছবি দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...