ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দারুণ পারফরম্যান্সের পর এবার টুর্নামেন্টের ফাইনালের মঞ্চেও দেখা যাবে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফাইনালের হাফটাইম শোতে বিশ্বের শীর্ষ কয়েকজন সংগীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতির সময় প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজন হবে সুপার বোলের আদলে তৈরি হাফটাইম শো। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে একটি ঐতিহাসিক আয়োজন। তার সঙ্গে মঞ্চে থাকবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা।
শাকিরা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর এবার ফাইনালের জন্য তাকে নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে, যাতে আগের আয়োজনের চেয়ে এবারের পরিবেশনা আরও আলাদা ও আকর্ষণীয় হয়।
তিনি বলেন, “এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে। এটি সত্যিই ঐতিহাসিক হবে। এখানে পাঁচজন শিল্পী থাকছেন। ম্যাডোনা, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে—তারা সবাই অসাধারণ শিল্পী।”
নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা জানান, সব শিল্পী একসঙ্গে বসে অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত করবেন। তবে পুরো আয়োজন নিয়ে তার নিজের মধ্যেও ব্যাপক কৌতূহল রয়েছে।
তিনি বলেন, “আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে, তা ঠিক করব। সত্যি বলতে, আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। দর্শকদের মনে এখন যতটা আগ্রহ রয়েছে, আমার মনেও ঠিক ততটাই।”
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের বিরতিতে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই নতুন সংযোজন ঘিরে এরই মধ্যে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


