আজ থেকে বহু বছর আগে জীবন্ত কিংবদন্তি গুণী অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের পরিচালনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। তবে সে নাটকে অভিনয় করেননি আবুল হায়াত।
মাঝে আরো অনেক বছর পেরিয়ে গেলেও তাদের একসঙ্গে কোনো নাটকে আর কাজ করারও সুযোগ হয়ে ওঠেনি। তবে এবারই প্রথম দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তিন গুণী কিংবদন্তি অভিনয়শিল্পী বহু নাটকের গুণী নির্মাতা রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।
গতকালই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।
গল্প প্রসঙ্গে পরিচালক রাহাত কবির বলেন, ‘ইন্টারনেটের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকটা কীভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়টিই অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। নাটকে তিনজন কিংবদন্তি গুণী শিল্পীর শিডিউল মেলাতে আমার কষ্ট হয়েছে, কিন্তু তারা ভীষণ আন্তরিকতার সঙ্গে অনেক কষ্ট করে নাটকে অভিনয় করেছেন। এই নাটক আমার জীবনে মাইলফলক হয়ে থাকবে।’
আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ জানাই এমন একটি গল্প চূড়ান্ত করে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’
দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতটা স্বাচ্ছন্দ্যতা দিচ্ছে ঠিক ততটাই বিপদও ডেকে আনছে। সে ব্যাপারেই মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই শেষ পত্রের দিনগুলোর কথা মনে পড়ছিল।’
ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করা যে আসলে কতটা ভালো লাগার বিষয় তা ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ পরিচালক রাহাত কবিরকে।’
উল্লেখ্য, নাটকে দিলারা জামান দিলরুবা, আবুল হায়াত রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে অভিনয় করেছেন। শিগগির নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

