বিসমিল্লাহ্
সভ্যতার ইতিহাসে একুশ শতক এক অভূতপূর্ব প্রযুক্তিগত রূপান্তরের যুগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম, সামাজিক যোগাযোগমাধ্যম, ভার্চুয়াল বাস্তবতা, ডিজিটাল সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির বিস্ফোরণ মানুষের জীবনকে যেমন দ্রুত ও সংযুক্ত করেছে, তেমনি তাকে অন্তর্গত সংকটের মুখেও দাঁড় করিয়েছে। মানুষ এখন মহাকাশ অন্বেষণ করতে পারে, কোটি কোটি তথ্য মুহূর্তে সংগ্রহ করতে পারে, পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে পারে—কিন্তু আত্মার অনুসন্ধান? আধুনিক মানুষ ক্রমেই নিঃসঙ্গ, উদ্বিগ্ন ও আত্মিকভাবে ক্লান্ত হয়ে উঠছে।
মুকাদ্দিমা
এ সময়ের সাহিত্যের সীমাবদ্ধতা হচ্ছে জীবন, সমাজ ও বাস্তবতাকে বৈজ্ঞানিক যুক্তি ও বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়। উনিশ ও বিশ শতকে ইউরোপীয় বাস্তববাদ (Realism) ও প্রকৃতিবাদের (Naturalism) মাধ্যমে এই ধারার বিকাশ ঘটে। যদিও এটি সাহিত্যে যুক্তিবাদ ও বাস্তবতার শক্ত ভিত্তি তৈরি করেছে, তবুও এর সীমাবদ্ধতা কম নয়।
প্রথমত, বিজ্ঞানবাদী সাহিত্য মানবজীবনের আবেগ, কল্পনা ও আধ্যাত্মিকতাকে অনেক সময় উপেক্ষা করে। মানুষের জীবন শুধু যুক্তি ও জৈবিক প্রক্রিয়ার সমষ্টি নয়; সেখানে ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন ও আধ্যাত্মিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা এই ধারায় পূর্ণভাবে প্রকাশ পায় না।
দ্বিতীয়ত, এই সাহিত্যধারা অনেক সময় নিয়তিবাদী (deterministic) দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। অর্থাৎ মানুষকে পরিবেশ ও জৈবিক শক্তির দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হিসেবে দেখানো হয়, ফলে মানুষের স্বাধীন ইচ্ছা ও নৈতিক দায়বদ্ধতার জায়গা সংকুচিত হয়ে যায়।
তৃতীয়ত, বিজ্ঞানবাদী সাহিত্যে সৌন্দর্য ও কল্পনার পরিসর সীমিত হয়ে পড়ে। অতিরিক্ত বাস্তবনির্ভরতার কারণে সাহিত্য অনেক সময় শুষ্ক, যান্ত্রিক ও অনুভূতিহীন মনে হতে পারে।
চতুর্থত, এটি সামাজিক সমস্যার বৈজ্ঞানিক বিশ্লেষণ দিলেও সমাধানের ক্ষেত্রে মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট গুরুত্ব দেয় না। ফলে সাহিত্য কেবল বিশ্লেষণাত্মক হয়ে পড়ে, কিন্তু রূপান্তরমূলক শক্তি কমে যায়। তাই সাহিত্যে বিজ্ঞান ও মানবিকতার মধ্যে একটি ভারসাম্য থাকা জরুরি।
মূল প্রসঙ্গ
প্রযুক্তি মানুষের বাহ্যিক জগৎকে বিস্তৃত করেছে, কিন্তু তার অন্তর্জগৎকে সবসময় সমৃদ্ধ করতে পারেনি। তথ্যের আধিক্যের মাঝেও অর্থপূর্ণতার অভাব, সংযোগের বিস্তারের মাঝেও সম্পর্কের শূন্যতা, ভোগের বিস্তারের মাঝেও হৃদয়ের অশান্তি—এই বৈপরীত্য আধুনিক সভ্যতার এক গভীর সংকট। এই প্রেক্ষাপটে সুফি সাহিত্য নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সুফি সাহিত্য মানুষের আত্মা, প্রেম, মানবতা ও অন্তর্দর্শনের এক গভীর নন্দনতাত্ত্বিক ভাষা।
সুফিবাদ মূলত ইসলামের আধ্যাত্মিক ধারা, যার কেন্দ্রবিন্দু প্রেম (ইশ্ক), আত্মশুদ্ধি (তাযকিয়া), অন্তর্দর্শন (মারিফাত) এবং পরম সত্যের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা (রেজা-এ-মওলা)। সুফিরা বিশ্বাস করেন, সত্যকে কেবল যুক্তি বা আনুষ্ঠানিক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করা যায় না; হৃদয়ের পরিশুদ্ধি ও প্রেমের মধ্য দিয়েই মানুষ পরম সত্যের সান্নিধ্যে পৌঁছাতে পারে। এই কারণে সুফি সাহিত্যকে অনেক গবেষক ‘হৃদয়ের সাহিত্য’ বলে অভিহিত করেছেন।
সুফি সাহিত্যের কেন্দ্রীয় শক্তি
সুফি সাহিত্যের প্রাণ হলো প্রেম। তবে এই প্রেম সাধারণ মানবিক আকর্ষণ বা রোমান্টিক আবেগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের আত্মা ও পরম সত্তার মধ্যকার গভীর আকর্ষণ। সুফি ভাবনায় মানুষ মূলত এক বিচ্ছিন্ন সত্তা—তার আত্মা যেন কোনো এক আদি উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে। সেই উৎসে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, সেই চিরন্তন মিলনের বাসনাই সুফি কবিতার কেন্দ্রীয় সুর।
এই কারণেই সুফি কবিতায় প্রেম কেবল অনুভূতি নয়; এটি আত্ম-অনুসন্ধান, আত্মবিসর্জন এবং পরম সত্যের দিকে যাত্রা। এখানে প্রেমিক ও প্রিয়তমের সম্পর্ক আসলে মানুষের আত্মা ও স্রষ্টার সম্পর্কের রূপক।
এই আধ্যাত্মিক প্রেমের সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলোর একটি হলেন মাওলানা জালাল উদ্দীন রুমি। তার বিখ্যাত মসনবির সূচনাই হয় বিচ্ছেদের এক মর্মস্পর্শী প্রতীকের মাধ্যমে—বাঁশির আর্তনাদ দিয়ে।
‘বিশনও আজ নে চুন হেকায়াত মিকোনাদ
আজ জুদায়িহা শিকায়াত মিকোনাদ।’
‘শোনো এই বাঁশির সুর, কী গল্প সে বলে—
বিচ্ছেদের বেদনায় সে কেমন আর্তনাদ করে।’
রুমির কাছে এই ‘নে’ বা বাঁশি মানুষের আত্মার প্রতীক। বাঁশি যেমন নলখাগড়া থেকে বিচ্ছিন্ন হয়ে সুর তোলে, তেমনি মানুষের আত্মাও তার আদি উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রন্দন করে। এই বিচ্ছেদ কেবল পার্থিব নয়; এটি অস্তিত্বগত। তাই সুফি কবিতায় প্রেম মানে সেই হারানো উৎসের সন্ধান।
রুমির আরেকটি বিখ্যাত উক্তি—
‘আমি যা কিছু খুঁজে ফিরেছি, সবসময়ই তা ছিলে তুমি।’
এখানে ‘তুমি’ কোনো মানুষ নয়; এটি পরম সত্তা, আল্লাহ, কিংবা সেই চূড়ান্ত সত্য যার দিকে মানুষের অন্তর অবিরাম ধাবিত হয়। মানুষ পৃথিবীর অসংখ্য বস্তুর মধ্যে সুখ খুঁজে বেড়ায়—ক্ষমতা, সম্পদ, সম্পর্ক, খ্যাতি; কিন্তু সুফি দর্শন মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত তৃষ্ণা আসলে আধ্যাত্মিক।
এই ভাবনাই আধুনিক সময়েও বিস্ময়করভাবে প্রাসঙ্গিক। আজকের মানুষ প্রযুক্তি, ভোগবাদ, সামাজিক স্বীকৃতি ও সাফল্যের অন্তহীন প্রতিযোগিতায় নিজেকে হারিয়ে ফেলছে। বাহ্যিক অর্জনের মধ্যেই সুখ খোঁজার প্রবণতা দিন দিন তীব্র হচ্ছে। অথচ রুমি আমাদের অন্তর্দৃষ্টির দিকে ফিরতে আহ্বান জানান।
হার চীজ কে দর জোস্তানে আনী, আনী।
যার সন্ধানে তুমি নিরন্তর, তুমি সেই সত্তা । অথবা
আঁচে তো দর তলব-এ আনি, আনি।
‘যে বস্তুর খোঁজ করছো, তুমি নিজেই তাই।’
এই পঙ্ক্তি আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনের এক গভীর রূপক। মানুষ বাইরে বাইরে সুখ খুঁজতে খুঁজতে নিজের অন্তর্গত সৌন্দর্য, আত্মার সম্ভাবনা এবং আল্লাহর উপস্থিতিকে ভুলে যাচ্ছে। সুফি সাহিত্য তাই মানুষকে বাহ্যিক জগতের মোহ থেকে অন্তর্জগতের দিকে ফিরিয়ে আনে।
সুফি প্রেমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এ প্রেম মানুষকে বিনম্র করে, অহং ভেঙে দেয়। সুফিরা মনে করেন, ‘আমি’ বা অহং-ই মানুষের সবচেয়ে বড় পর্দা। প্রেম সেই পর্দা সরিয়ে দেয়। ফলে প্রেমিক ধীরে ধীরে নিজের সত্তাকে বিলীন করে দেয় প্রিয়তমের মধ্যে। এই ধারণাকেই সুফিবাদে বলা হয় ফানা—অর্থাৎ আত্মবিলয়।
রুমির কবিতায় তাই প্রেম একই সঙ্গে বেদনা ও মুক্তি. বিচ্ছেদ আছে, কিন্তু সেই বিচ্ছেদই মিলনের আকাঙ্ক্ষা জাগায়। কান্না আছে, কিন্তু সেই কান্নাই আত্মাকে পরিশুদ্ধ করে। এই কারণেই সুফি সাহিত্য শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে শুধু নান্দনিক আনন্দ দেয়নি; বরং অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়াতে শিখিয়েছে।
আজকের উদ্বিগ্ন, বিচ্ছিন্ন ও ক্লান্ত মানুষও তাই রুমির কবিতায় নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। কারণ প্রযুক্তি বদলালেও মানুষের আত্মিক তৃষ্ণা বদলায় না। সুফি সাহিত্য সেই চিরন্তন তৃষ্ণারই ভাষা।
প্রতীক ও রূপকের মরমি ভাষা
সুফি সাহিত্যের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এর প্রতীকী ভাষা। এখানে ‘মদ’, ‘সাকি’, ‘গোলাপ’, ‘আগুন’, ‘মরুভূমি’, ‘রাত্রি’, ‘বুলবুল’—সবকিছুই আধ্যাত্মিক অভিজ্ঞতার রূপক।
হাফিজ-এর কবিতায় ‘মদ’ কোনো পার্থিব পানীয় নয়; বরং স্রষ্টা প্রেমের উন্মাদনা। তিনি লিখেছিলেন—
‘জঙ্গে হাফতাদ-ও-দো মিল্লাত হামেহ রা ওজর বেনেহ
চুন নাদিদান্দ হাকিকত রহে আফসানে জাদান্দ।’
‘বাহাত্তর সম্প্রদায়ের বিরোধ সবাইকে ক্ষমা করো,
কারণ তারা সত্য দেখতে পায়নি, তাই কল্পনার পথ ধরেছে।’
এই পঙ্ক্তি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিক ঐক্যের ঘোষণা। আজকের পৃথিবীতে, যেখানে ধর্ম ও পরিচয়ের নামে বিভাজন ক্রমেই বাড়ছে, সেখানে সুফি সাহিত্য মানুষকে মনে করিয়ে দেয়—মানবতা যেকোনো পরিচয়ের।
ফরাসি দার্শনিক Henry Corbin মন্তব্য করেছিলেন, সুফি প্রতীকতত্ত্ব হলো ‘আধ্যাত্মিক কল্পনার ভাষা’, যেখানে দৃশ্যমান জগৎ অদৃশ্য সত্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
ফানা : অহং ভাঙার দর্শন ও আত্মার মুক্তি
আধুনিক সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তীব্র ব্যক্তিকেন্দ্রিকতা। আজকের মানুষ নিজেকে প্রতিষ্ঠা, প্রদর্শন ও আলাদা করে তুলে ধরার এক অবিরাম প্রতিযোগিতায় নিমগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম, ভোগবাদী সংস্কৃতি ও পুঁজিকেন্দ্রিক জীবনব্যবস্থা মানুষকে ক্রমাগত ‘আমি’র দিকে ফিরিয়ে নিচ্ছে। ব্যক্তি যেন নিজের চারপাশেই একটি ক্ষুদ্র মহাবিশ্ব নির্মাণ করেছে। অথচ সুফি দর্শনের অন্যতম মৌলিক শিক্ষা হলো এই ‘আমি’-কে ভেঙে ফেলা—অহং বা নফসকে বিলীন করা। এই আত্মবিলয়ের ধারণাকেই সুফি পরিভাষায় বলা হয় ‘ফানা’।
‘ফানা’ শব্দের অর্থ বিলীন হয়ে যাওয়া বা আত্মসত্তার অবসান। তবে এটি আত্মহত্যা বা জাগতিক অস্তিত্ব ধ্বংসের ধারণা নয়; বরং মানুষের ভেতরের অহংকার, আত্মগরিমা, লোভ, ক্ষমতার বাসনা ও স্বার্থপর ‘নফস’-এর বিলুপ্তি। সুফিদের বিশ্বাস, মানুষ যতক্ষণ নিজের অহংকে আঁকড়ে ধরে রাখে, ততক্ষণ সে পরম সত্যের সান্নিধ্যে পৌঁছাতে পারে না। কারণ অহংই মানুষের ও সত্যের মাঝখানে সবচেয়ে বড় পর্দা।
এই ধারণার সবচেয়ে আলোচিত প্রতীক হলেন মনসুর আল-হাল্লাজ। তার বিখ্যাত উক্তি—‘আনাল হক’, অর্থাৎ ‘আমিই সত্য’।
বাহ্যিক অর্থে এই উক্তিকে অনেকে আত্মদম্ভ বা ঈশ্বরত্বের দাবি বলে মনে করেছিলেন। কিন্তু সুফি ব্যাখ্যায় এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। এখানে ‘আমি’ বলতে ব্যক্তিমানুষের অহংকে বোঝানো হয়নি; বরং এমন এক আত্মবিলয়ের অবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ব্যক্তিসত্তা সম্পূর্ণ মুছে গিয়ে কেবল পরম সত্যেরই প্রকাশ ঘটে। অর্থাৎ হাল্লাজ বলতে চেয়েছিলেন—“আমার ভেতরে আর পৃথক কোনো ‘আমি’ অবশিষ্ট নেই; যা আছে, তা কেবল সত্যেরই প্রকাশ।” এই উক্তির জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সুফি ঐতিহ্যে তিনি আত্মবিসর্জন ও আধ্যাত্মিক সাহসের প্রতীক হয়ে আছেন।
সুফি সাধনায় ‘ফানা’-র পরবর্তী স্তর হলো ‘বাকা’, অর্থাৎ সত্যের মধ্যে স্থায়ী হয়ে ওঠা। প্রথমে মানুষ নিজের অহংকে বিলীন করে, এরপর সে এক নতুন আত্মিক অস্তিত্ব লাভ করে, যা প্রেম, বিনয় ও মানবসেবার মাধ্যমে প্রকাশিত হয়। তাই সুফি দর্শনে আত্মবিলয় কোনো নেতিবাচক শূন্যতা নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি ও মুক্তির পথ।
মধ্যযুগীয় সুফি কবিরা এই ধারণাকে গভীর কাব্যিকতায় প্রকাশ করেছেন। জালালউদ্দিন রুমি লিখেছিলেন—
বেমীরীদ, বেমীরীদ, দর ইন এশ্ক বেমীরীদ
দর ইন এশ্ক চো মুরদীদ, হামে রূহ পযীরীদ।
‘মরো, মরো এই প্রেমে মরো;
এই প্রেমে মরতে পারলেই পাবে নতুন জীবন।’
বেমীরীদ বেমীরীদ ও জিন মর্গ্ মাতারসীদ,
কাজিন খাক বরায়ীদ, সামাওয়াত বেগীরীদ।
‘মরো, মরো, কিন্তু এই মৃত্যুকে ভয় করো না;
কারণ এই মাটির সীমা ছাড়িয়ে উঠে তোমরা আকাশলোক অধিকার করবে।’
এখানে ‘মৃত্যু’ বলতে দেহগত মৃত্যু নয়; বরং অহংয়ের মৃত্যু। রুমির মতে, মানুষের প্রকৃত জন্ম ঘটে তখনই, যখন তার ভেতরের আত্মকেন্দ্রিকতা ভেঙে যায়। একইভাবে হাফিজ শিরাজি অহংকে ‘অদৃশ্য কারাগার’ বলে আখ্যা দিয়েছেন, যা মানুষকে সত্য ও প্রেম থেকে দূরে রাখে।
আজকের ভোগবাদী সমাজে এই শিক্ষা আরো বেশি প্রাসঙ্গিক। আধুনিক মানুষ ক্রমাগত নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে নির্মাণ করতে ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ নিজের সাজানো এক ‘ডিজিটাল সত্তা’ তৈরি করছে, যেখানে স্বীকৃতি, লাইক, ফলোয়ার ও জনপ্রিয়তা যেন আত্মমূল্যের মাপকাঠি হয়ে উঠেছে। ফলে মানুষ বাহ্যিকভাবে সংযুক্ত হলেও ভেতরে ভেতরে বিচ্ছিন্ন, উদ্বিগ্ন ও আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এই সংস্কৃতি মানুষকে তুলনা, প্রতিযোগিতা ও আত্মপ্রদর্শনের দিকে ঠেলে দেয়। সেখানে সুফি সাহিত্য সম্পূর্ণ ভিন্ন এক পথ দেখায়। সুফিরা বলেন, মানুষের মহত্ত্ব নিজেকে বড় প্রমাণে নয়, বরং নিজেকে অতিক্রমে। সত্যিকারের আত্মজ্ঞান শুরু হয় তখন, যখন মানুষ উপলব্ধি করে—সে বিশ্বজগতের কেন্দ্র নয়; বরং বৃহত্তর এক সত্যের ক্ষুদ্র অংশ। তাই সুফি দর্শন মানুষকে বিনয়, আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
এই কারণেই সুফি সাহিত্য কেবল ধর্মীয় সাধনার বিষয় নয়; এটি আধুনিক মানুষের মানসিক ও নৈতিক সংকটেরও এক গভীর প্রতিষেধক। ‘ফানা’ আমাদের শেখায়—অহং যত ক্ষীণ হয়, মানুষ তত মানবিক হয়; আত্মপ্রদর্শন যত কমে, প্রেম তত গভীর হয়। বর্তমান যুগের কোলাহলময় আত্মকেন্দ্রিকতার বিপরীতে সুফি দর্শনের এই আত্মবিলয়ের শিক্ষা তাই এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিরোধ।
আত্মপরিচয়ের সংকট ও সুফি সাহিত্য
প্রযুক্তির যুগে মানুষ অভূতপূর্বভাবে সংযুক্ত, কিন্তু একই সঙ্গে গভীরভাবে বিচ্ছিন্ন। আধুনিক মানুষ জানে—সে কী কিনছে, কোথায় যাচ্ছে, কী দেখছে; কিন্তু সে কে, তা অনেক সময় জানে না।
পাঞ্জাবের সুফি কবি বুলবুল শাহ্-এর বিখ্যাত উচ্চারণ—
বুল্লেয়া, কি জানাঁ ম্যাঁ কৌন
না ম্যাঁ মোমিন ভিত্চ মসীতা
না ম্যাঁ ভিত্চ কুফর দিয়াঁ রীতা
না ম্যাঁ পাকাঁ ভিত্চ পালীতা
না ম্যাঁ মূসা, না ফিরাউন
বুল্লেয়া, কি জানাঁ ম্যাঁ কৌন
‘বুল্লে, আমি জানি না আমি কে।
আমি মসজিদের মুমিনদের মধ্যে নই,
আমি অবিশ্বাসের রীতিনীতির মধ্যেও নই।
আমি পবিত্রদের দলে নই,
অপবিত্রদের দলেও নই।
আমি মূসা নই, ফিরাউনও নই।
বুল্লে, আমি জানি না আমি কে।’
এই প্রশ্ন কেবল এক সুফি কবির নয়; এটি আধুনিক মানুষের অস্তিত্বগত প্রশ্ন। প্রযুক্তি মানুষের পরিচয়কে ডেটা, প্রোফাইল ও অ্যালগরিদমে রূপান্তরিত করেছে; কিন্তু আত্মপরিচয়ের গভীর প্রশ্নের উত্তর দিতে পারেনি।
সুফি সাহিত্য সেই অন্তর্দর্শনের পথ খুলে দেয়। এটি মানুষকে বাইরের জগৎ থেকে ভেতরের জগতে ফিরিয়ে আনে।
মানবতা ও সহিষ্ণুতার শিক্ষা
সুফি সাহিত্য ধর্মীয় ও সামাজিক বিভাজনের বিপরীতে মানবিক ঐক্যের কথা বলে। ইবনে আরবী-এর বিখ্যাত উক্তি—
লাক্কাদ সারা কালবি কাবিলান কুল্লা সুরাতিন,
ফা-মারআন লি-গাজালিন ওয়া দাইরুন লি-রুহবান।
ওয়া বাইতুন লি-আওসানিন ওয়া কা’বাতু তা’ইফিন,
ওয়া আলওয়াহু তাওরাতিন ওয়া মুসহাফু কুরআন।
‘আমার হৃদয় এখন প্রতিটি রূপ ধারণ করার ক্ষমতা অর্জন করেছে।
এটি হরিণশাবকদের চারণভূমি, সন্ন্যাসীদের আশ্রম।
এটি মূর্তির মন্দির, তাওয়াফকারীদের কাবা।
এটি তাওরাতের ফলক এবং কুরআনের মুসহাফ।’
এই ধারণা বহুত্ববাদ ও সহিষ্ণুতার এক অনন্য উদাহরণ। তার কাছে সত্য কোনো একক ধর্ম বা জাতির সম্পত্তি নয়।
বাংলা অঞ্চলে লালন শাহ্ একই মানবতাবাদী দর্শনের কথা বলেছেন—
‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’
লালনের কাছে মানুষের আসল পরিচয় ছিল মানবতা. আবার তার আরেকটি গান—
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’
মানুষের ভেতরের নৈতিক ও আত্মিক সৌন্দর্যের দিকে আহ্বান জানায়। আজকের বিশ্বে যখন অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক ভেদাভেদ ও বিদ্বেষ বাড়ছে, তখন সুফি সাহিত্য সহমর্মিতা ও মানবিকতার বিকল্প ভাষা প্রদান করে। মানুষকে প্রথমে মানুষ হিসেবে চিন্তা করতে প্রাণিত করে। পরবর্তীতে সমাজের অনিবার্য প্রয়োজনে বাকি সব পরিচয়।
সংগীত, সৌন্দর্য ও আধ্যাত্মিক নন্দনতত্ত্ব…
সুফি সাহিত্য কেবল পাঠের বিষয় নয়; এটি সংগীত, ধ্বনি ও নান্দনিক অভিজ্ঞতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। কাওয়ালি, সেমা, জিকির ও ঘূর্ণননৃত্যের মাধ্যমে সুফিরা আধ্যাত্মিক উন্মেষ অনুভব করতেন।
আমীর খসরু রাহ্. ভারতীয় উপমহাদেশে পারস্য ও ভারতীয় সংগীতধারার এক অপূর্ব সমন্বয় ঘটান। তার বিখ্যাত পঙ্ক্তি—
ছাপ তিলক সব ছীনি রে,
মোসে নয়না মিলাইকে।
‘ছাপ-তিলক সব কেড়ে নিলে,
আমার চোখে চোখ রাখিয়ে।’
এখানে প্রেমিকের দৃষ্টি আসলে আল্লাহর অনুগ্রহের প্রতীক। সুফি ব্যাখ্যায় এখানে প্রেমিকের দৃষ্টি আসলে আল্লাহর অনুগ্রহের প্রতীক। সেই প্রেমময় দৃষ্টির স্পর্শে মানুষের অহং, পৃথক সত্তা ও আত্মগর্ব বিলীন হয়ে যায়। ফলে মানুষ নিজের গভীরতম আধ্যাত্মিক পরিচয়ের মুখোমুখি হয়।
সুফি নন্দনতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো—পৃথিবীর সব সৌন্দর্য আসলে ঐশী সৌন্দর্যের প্রতিফলন। ফুল, সুর, কবিতা, প্রিয় মুখ কিংবা প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য মানুষের হৃদয়কে তার আদি উৎসের কথা স্মরণ করিয়ে দেয়। এই কারণেই সুফি কবিতায় প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।
সুফি নন্দনতত্ত্বে আল্লাহর দুটি মৌলিক গুণের কথা বলা হয়—জামাল—সৌন্দর্য, কোমলতা, প্রেম ও করুণা। জালাল—মহিমা, শক্তি, গরিমা ও ভয়মিশ্রিত বিস্ময়।
সুফি কবিরা সাধারণত জামালের অভিজ্ঞতাকে প্রেম, ফুল, বাগান, গোলাপ, মদ, সাকি, চাঁদ, প্রিয়তমা ইত্যাদি রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। অন্যদিকে জালালের প্রকাশ দেখা যায় ঝড়, আগুন, বজ্র, মহাকাশ বা মহিমাময় শক্তির চিত্রকল্পে।
মহাকবি হাফিজ রাহ্, জালাল উদ্দীন রুমি রাহ্, ফরিদ উদ্দিন আত্তার রাহ্ এবং ইবনে আরবী রাহ্—সকলেই এই দুই মাত্রাকে তাদের কাব্যে নানা উপায়ে রূপায়িত করেছেন।
সুফি চিন্তায় সৌন্দর্য কেবল নান্দনিক অভিজ্ঞতা নয়; এটি পরম সত্যের প্রতিফলন। একটি সুপরিচিত হাদিসে বলা হয়েছে—‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন।’
সুফি চিন্তকেরা মনে করেন, পৃথিবীর সব সৌন্দর্য আসলে ঐশী সৌন্দর্যের ছায়া। গোলাপ, সুর, কবিতা, প্রিয় মুখ, নদী, পাহাড়—সবই মানুষের হৃদয়কে তার উৎসের কথা স্মরণ করিয়ে দেয়।
এই কারণেই সুফি কবিতায় পার্থিব প্রেম ও আধ্যাত্মিক প্রেমের সীমারেখা প্রায়শই অস্পষ্ট হয়ে যায়। বাহ্যিক সৌন্দর্য হয়ে ওঠে অন্তর্নিহিত সৌন্দর্যের প্রতীক।
জার্মান গবেষক Annemarie Schimmel লিখেছিলেন—‘The language of Sufi poetry is the language of longing.’ অর্থাৎ সুফি কবিতার মূল ভাষা হলো অনন্তের জন্য আকুলতা। অন্যদিকে Reynold A. Nicholson-এর ভাষায়—‘Sufism is essentially a religion of love.’
এই প্রেমই সুফি সাহিত্যের নন্দনতাত্ত্বিক ও দার্শনিক ভিত্তি। তাই সুফি সাহিত্য ও সংগীতে সৌন্দর্য কেবল রুচির বিষয় নয়; এটি মানুষের হৃদয়কে প্রেম, স্মরণ ও আত্ম-উন্মোচনের মাধ্যমে পরম সত্যের দিকে পরিচালিত করার এক আধ্যাত্মিক যাত্রা ।
শেষ নোক্তা
সুফি সাহিত্য পড়া মানে কেবল অতীতের আধ্যাত্মিক কাব্য পড়া নয়; বরং আধুনিক মানুষের হারিয়ে যাওয়া অন্তর্জগৎকে পুনরুদ্ধারের চেষ্টা। প্রযুক্তি মানুষকে দ্রুত করেছে, কিন্তু ধ্যানমগ্ন করেনি; সংযুক্ত করেছে, কিন্তু সবসময় সহমর্মী করেনি; তথ্য দিয়েছে, কিন্তু প্রজ্ঞা দেয়নি। সুফি সাহিত্য মানুষকে সেই প্রজ্ঞার দিকে ফিরিয়ে নিয়ে যায়। যখন পৃথিবী ক্রমেই যান্ত্রিক হয়ে উঠছে, তখন সুফি সাহিত্য মানুষকে আবার মানুষ হতে শেখায়। এটি শেখায়—প্রেম ঘৃণার চেয়ে শক্তিশালী, হৃদয় যুক্তির চেয়ে গভীর, আর আত্মজ্ঞান যেকোনো প্রযুক্তিগত অগ্রগতির চেয়ে মূল্যবান। এই কারণেই একবিংশ শতাব্দীতেও সুফি সাহিত্য কেবল প্রাসঙ্গিক নয়; বরং মানবসভ্যতার আত্মিক ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

