নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলেও ফেলে দলটি। কিন্তু নাহিদা আক্তারের পরপর ওভারে ওপেনার ফিরোজা ও মুনিবা উইকেট হারালে বদলে যায় দৃশ্যপট। নাহিদা-সানজিদাদের স্পিনের সামনে টিকতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৩ রানে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। এ জয়ে নতুন রেকর্ড হয়েছে। আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে দুটি জয় পায়নি বাংলাদেশ নারী দল। এবার মাত্র তিন ম্যাচ খেলেই দুই ম্যাচ জেতার রেকর্ড গড়ল তারা। এর আগের জয়টি নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে। এই দুই জয়ে বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এখন বাংলাদেশ। গ্রুপে সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে সেমিফাইনালে খেলার টিকিট কাটবেন নিগার সুলতানা জ্যোতিরা। অন্যদিকে, গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।
ইংল্যান্ডের সাউদাম্পটনে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৩ রান তুলে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১০০ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দুই ওপেনার মুনিবা ২৫ আর ফিরোজা ২৩ রান করলেও পাকিস্তানের অন্য ব্যাটাররা উইকেটে দাঁড়াতেই পারেননি। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন নাহিদা ও সানজিদা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি জুটি। সোবহানা ১৯ বলে ২২ রানে আউট হলে ভাঙে ৩৫ রানের এ জুটি। এরপর ৩৮ বলে ৩৬ রান করে আউট হন নিগার সুলতানাও। শেষে বাংলাদেশকে লড়াকু স্কোর এনে দেন স্বর্ণা আক্তার। তার ২২ বলে অপরাজিত ৩৯ রানের ক্যামিওতে দলীয় রান ১২০ পার করে বাংলাদেশ। ব্যাটিং নৈপুণ্য দেখানোয় ম্যাচসেরার পুরস্কারটিও তার হাতে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন