ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক, ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যে-ই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’
এ সময় বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমদ। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তালিকা ধরে ধরে গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে।
শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।
থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব। থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। থানায় কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। থানা ও ফাঁড়ির মান উন্নয়ন করা হবে।’
ব্যাটারিচালিত রিকশা নিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাটারিচালিত রিকশার একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। পুলিশের একার পক্ষে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


