স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল অবৈধ দখলমুক্ত করা হবে

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল অবৈধ দখলমুক্ত করা হবে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত দুটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭টি এবং দক্ষিণের ২৯টি খালের অবৈধ দখলদার উচ্ছেদ করে মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার দুপুরে মিরপুর-১২ এর মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “খালগুলো দখলমুক্ত করার পর সীমানা নির্ধারণ করে খালের দুই পাশে গাইড ওয়াল নির্মাণপূর্বক স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। ঢাকা শহরের খালগুলো সংরক্ষণ করা না হলে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই নগরবাসীর স্বার্থেই খালগুলো পুনরুদ্ধার ও স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য তিনি নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।”

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯টি ছোট-বড় খালের ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৯ বছর আন্তরিকতার সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়নি। বর্তমান সরকার নগরবাসীর স্বার্থে নগরের প্রতিটি অলিগলিতে ও খালে ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেছে এবং এই কাজ চলমান থাকবে।

প্রতিমন্ত্রী জানান, শুধু মুসলিম বাজার খাল থেকে প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। এভাবে সকল খালের ময়লা অপসারণ করা হবে। খালের ময়লা অপসারণের মাধ্যমে নগরবাসীকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা হবে। তিনি বলেন, খালগুলো দখলমুক্ত ও ময়লা-আবর্জনা মুক্ত করা না গেলে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

প্রতিমন্ত্রী বলেন, “যতদিন সিটি কর্পোরেশন থাকবে, যতদিন প্রশাসক থাকবেন, ততদিন ঢাকা শহরের ময়লা-আবর্জনা অপসারণ, খাল-বিল পুনরুদ্ধার, ডিমারকেশন লাইনিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।”

প্রতিমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ময়লা-আবর্জনা পরিষ্কার করার পর যদি কেউ খাল কিংবা বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলে, তাহলে আইন মোতাবেক জরিমানা করা হবে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সকল সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশাসক আরও জানান, গত ৫ জুনের পর থেকে এ পর্যন্ত মুসলিম বাজার খাল থেকে ৪১৬ ট্রাক মাটির তলদেশের স্লাজ ও ময়লা অপসারণ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৯ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে কোনো খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি।

প্রশাসক জানান, মুসলিম বাজার খাল ময়লা-আবর্জনায় ভরা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল খাল এভাবে পরিষ্কার করা হবে এবং নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত নগর উপহার দেওয়া হবে।

প্রশাসক আরও জানান, নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেওয়ার লক্ষ্যে নগরীর প্রতিটি অলিগলি ও খালসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছে। এই কাজ চলমান থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, নগরবাসীর স্বার্থে একই রাস্তা বারবার খনন না করে ওয়াসা ও ডেসকোর সাথে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হবে।

মুসলিম বাজার খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসির প্রশাসক খালের চারপাশ সরেজমিনে পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন