কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের ৯ জন সাংবাদিক।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে এনইবিএল এগ্রো লিমিটেড, কনকর্ড হেলথ গ্রুপ, নাবিল গ্রুপ এবং সুপ্রিম সিড।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সাংবাদিককে নগদ ৩০ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।
এ বছর পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন— দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ২৪ ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএস (অবসরপ্রাপ্ত) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, কৃষিবিদ ও ফলবিশেষজ্ঞ মেহেদী মাসুদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মনির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক, কৃষিবিদ মো. আরিফুর রহমান, কৃষিবিদ ড. আব্দুল কাইউম, কৃষিবিদ ড. বদরুল হক, কৃষিবিদ জিয়াউর রহমান এবং সিনিয়র সাংবাদিক মুন্না রায়হান ও ফয়জুল সিদ্দিকী।
পুরস্কারপ্রাপ্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন এটিএন নিউজের ফেরদৌস রহমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব। তারা কৃষি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও কৃষি, কৃষক ও খাদ্যনিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো আরও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের সমস্যা ও সম্ভাবনা জনগণের সামনে তুলে ধরতে কৃষি সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা করতে উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

