আমার দেশ-এ সংবাদ প্রকাশ

মুক্তি মিলছে আমিরাতে বন্দি জুলাইযোদ্ধাদের

Peer Jubayer Ahmed
পীর জুবায়ের

মুক্তি মিলছে আমিরাতে বন্দি জুলাইযোদ্ধাদের

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করেছিলেন অনেক বাংলাদেশি প্রবাসী। এ কারণে দেশটির সরকার তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে প্রথম ধাপের কয়েকজনকে মুক্তি দিলেও পরে আটক হওয়া রেমিট্যান্স যোদ্ধারা ছিলেন বন্দি।

তাদের দুর্দশার চিত্র তুলে ধরে গত ২৭ জুন ‘প্রবাসে এখনো কারাবন্দি শতাধিক জুলাইযোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার দেশ। অবশেষে নড়েচড়ে বসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিশ্চিত হয়েছে ২৪ জুলাইযোদ্ধার মুক্তির পথ।

বিজ্ঞাপন

আমার দেশ-এর প্রতিবেদনে শতাধিক প্রবাসীর কথা বলা হয়েছিল। কিন্তু তখন শুধু ২৫ জনের তালিকা পাওয়া যায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় তার লাশ আগেই দেশে আসে। এবার অপর ২৪ জনকে ফিরিয়ে আনছে সরকার। তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে সংবাদ প্রকাশের জন্য আমার দেশ-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তবে আরো কেউ বন্দি আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিতে কোনো উদ্যোগ নেই সরকারের। এ নিয়ে হতাশা বিরাজ করছে গ্রেপ্তার ব্যক্তির স্বজন ও সহকর্মীদের মাঝে। ভুক্তভোগী প্রবাসীর স্বজনদের একাধিকবার আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বন্দিদের মুক্তিতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এজন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করছে ভুক্তভোগী পরিবার।

এছাড়া, যারা বন্দি আছেন তাদের বেশিরভাগকেই দেশে আসার সময় বিভিন্ন বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আন্দোলনকারীদের শনাক্ত করে তাদের ডাটা আমিরাতের ইমিগ্রেশনে দেওয়ার কারণে গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান। এতে যারাই দেশে আসার জন্য বিমানবন্দরে আসবেন, সঙ্গে সঙ্গে ইমিগ্রেশনে তাদের আটক করা হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মুক্তির বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আশা করা যাচ্ছে, খুব দ্রুত সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করা জেল বন্দি প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে। আন্দোলনের জন্য প্রবাসে জেল বন্দি আছে অনেকে, বিষয়টি মন্ত্রণালয় জানত। কিন্তু আমার দেশ-এ সংবাদ প্রকাশ হওয়ার পর পুরো বিষয়টি পরিষ্কার হয়। কারা আছেন এবং কতজন আছেন সেখানে বন্দি। পরবর্তী সময়ে ভুক্তভোগী পরিবারও মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এরপর বন্দিদের ফিরিয়ে আনার পদক্ষেপ আরো জোরাল হয়।

এদিকে গতকাল শুক্রবার তাদের মুক্তির বিষয়ে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের শহীদুল আমিন মুন্নার স্ত্রী রোজিনা আক্তার বলেন, আমার দেশ-এর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারাই প্রথমে জেলবন্দি আমাদের স্বজনদের কথা তুলে ধরে। ফলে মুক্তির প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব তৈরি হয়।

তিনি বলেন, পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো অর্ডিনেটর দিলশানা পারুল এবং তার টিমকে অশেষ ধন্যবাদ। কারণ পত্রিকা হিসেবে আমার দেশ সব সময় পাশে থাকলেও রাজনৈতিক দল হিসেবে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স আমাদের সঙ্গে ছিল।

জুলাই আন্দোলনে জেলবন্দি প্রবাসী মুক্তি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছগির তালুকদার বলেন, সর্বপ্রথম আমার দেশ জেল বন্দিদের বিষয়গুলো তুলে ধরে। একটি গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা কতটুকু স্বচ্ছ তা আমরা দেখেছি সরকারের এই উদ্যোগের কারণে। তিনি বলেন, আমাদের সংগঠন এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পত্রিকার প্রতি কৃতজ্ঞতা।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো অর্ডিনেটর দিলশানা পারুল বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করা জেল বন্দি প্রবাসীদের মুক্তির বিষয়টি অনেক জটিল ছিল। তবে আমার দেশে সংবাদ প্রকাশ হওয়ার পর আমাদের জন্য বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলাটা একটু সহজ হয়। তাদের মুক্তির বিষয়টি সবচেয়ে ট্রিকি বিষয় ছিল। বিষয়টা এতটাই সেনসিটিভ যে আমরা পাবলিকলি এটা নিয়ে মুভ করতে পারছিলাম না। সংবাদ প্রকাশের পর বিষয়টি সহজ হয়।

এর আগে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে মিছিল করেন কয়েকশ প্রবাসী। ওই ঘটনার পর তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। সে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের কাউকে ১০ বছরের জেল এবং কাউকে যাবজ্জীবন সাজা দেয় সেখানকার আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...