অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

স্টাফ রিপোর্টার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
ছবি: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটল। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা, গবেষণা, সাহিত্যচর্চা ও মননশীল লেখালেখির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, মুক্তবুদ্ধির চর্চা এবং জাতীয় সংস্কৃতির বিকাশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার রচিত গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস হয়ে থাকবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, আদর্শনিষ্ঠ ও শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক। শ্রেণিকক্ষে তার আন্তরিকতা, জ্ঞানের গভীরতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাকে শিক্ষকসমাজ ও শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। দেশের উচ্চশিক্ষা ও বাংলা ভাষা-সাহিত্যে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

অধ্যাপক মামুন আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...