ভুল ধরিয়ে দেওয়ায় জামায়াত এমপিকে ধন্যবাদ দিলেন সরকার দলের হুইপ

স্টাফ রিপোর্টার

ভুল ধরিয়ে দেওয়ায় জামায়াত এমপিকে ধন্যবাদ দিলেন সরকার দলের হুইপ

বাজেট আলোচনায় পবিত্র কুরআনের একটি আয়াতের নম্বর ভুল বলেছিলেন সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি কুরআনের একটি সূরার যে আয়াত নম্বর উল্লেখ করেন, সেটি ছিল মূলত সূরার নম্বর। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ভুলটি ধরিয়ে দিয়ে তা সংশোধন করে দেন। বিষয়টির জন্য নুরুদ্দিন অপু জামায়াতে ইসলামীর ওই এমপিকে ধন্যবাদ দেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সূরা নাজমের উদ্ধৃতি দেন। তিনি বলেন, আল্লাহ কুরআনে সূরা নাজমে বলেন—মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। এ সময় তিনি আয়াত নম্বর হিসেবে ৫৩ উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তার বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, “আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়; সঠিক হচ্ছে ৫৩ নম্বর সূরা ‘সূরা আন নাজম’-এর ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা’—মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।”

তিনি বলেন, “উনি বলেছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩, আয়াত নম্বর হচ্ছে ৩৯।”

এ সময় স্পিকার বলেন, “বক্তব্য তো ঠিক আছে নাকি?” জবাবে ওই সংসদ সদস্য বলেন, “বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নম্বর। কুরআনের আয়াত তো ভুল বলা যাবে না।”

পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে, তিনি আমার ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন