বিএজে’র মাসিক প্রতিবেদন

জুন মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৯ সংবাদকর্মী

স্টাফ রিপোর্টার

জুন মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৯ সংবাদকর্মী

দেশের সংবাদকর্মীদের জন্য ২০২৬ সালের জুন মাসটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উদ্বেগজনক। গত এক মাসে অন্তত ৫৯ জন সংবাদকর্মী বিভিন্ন ধরনের হামলা, মামলা এবং হুমকির শিকার হয়েছেন। যার মধ্যে ৪০টি হামলার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৫১ জন, আইনি হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন ছয়জন এবং হুমকি ও ডাকাতির শিকার হয়েছেন দুইজন সংবাদকর্মী।

বুধবার সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)-এর জুন মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিএজে-র সম্পাদক (গবেষণা ও মনিটরিং সেল) মাহমুদুল হাসান স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএজের প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সারা দেশে অন্তত ৪০টি সহিংসতার ঘটনায় ৫১ জন সাংবাদিক শারীরিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব হামলার পেছনে মূলত মাদক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মী, প্রভাবশালী ঠিকাদার এবং কিছু পেশাজীবী গোষ্ঠী জড়িত ছিল। প্রতিবেদনে আরও একটি উদ্বেগজনক দিক উঠে এসেছে যে, সাংবাদিকরা একে অপরের ওপর হামলা চালানোর মতো ঘটনাও এই মাসে ঘটেছে।

শারীরিক নির্যাতনের পাশাপাশি আইনি হয়রানিও সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ছয়জন সাংবাদিক আইনি হয়রানি ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ও মানহানিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের চারজন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্য একটি ন্যাক্কারজনক ঘটনায়, শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার দৃশ্য ভিডিও করার সময় এক স্থানীয় সাংবাদিককে উল্টো চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। এছাড়াও সাতক্ষীরায় এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অন্তত ২ জন সংবাদকর্মী সরাসরি হুমকি ও ডাকাতির শিকার হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...