খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

স্টাফ রিপোর্টার

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অনুষ্ঠান ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।

স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন