অপতথ্যের ভিড়ে ভেতরের খবর বের করুন: তথ্যসচিব

স্টাফ রিপোর্টার

অপতথ্যের ভিড়ে ভেতরের খবর বের করুন: তথ্যসচিব

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যে সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা, যেটা খুব কমে গেছে, সেটা বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’

সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরো অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরো বেশি কেয়ার রাখা উচিত। আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হন।’

সচিব বলেন, ‘তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।’

তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দু-একটি পত্রিকায় যে সংবাদগুলো আসছে, সেগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল বলেও এ সময় মন্তব্য করেন সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, ‘এ বিষয়ে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের যদি কিছু মনে হয় আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...