বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার

বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার

বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা এই সুবিধার আওতায় এসেছেন। জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশটি বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এই কর্মকর্তাদের তাদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া, বিধি মোতাবেক তাদের বকেয়া বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।

জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত তিন বাহিনীতে চাকরিতে বৈষম্য ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাহিনী সদর দপ্তরগুলো পৃথক পর্ষদ গঠন করেছিল। পরে গত ৩ মে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি এসব প্রস্তাব ও সুপারিশ বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়। এই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সুপারিশে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মান-মর্যাদা ও প্রাপ্য সুযোগ-সুবিধা পুনর্বহালের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা গেছে, জেনারেল আমিনুল করীমকে লে.জেনারেল পদে পদোন্নতি, অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো লেফট্যানেস্ট জেনারেল সিনা ইবনে জামালীকে লেফট্যানেস্ট জেনারেল পদবীতে বকেয়া বেতনভাতা প্রদান, বাধ্যমূলক অবসরে পাঠানো রিয়াল এডমিরাল মোস্তাফিজুর রহমানকে বকেয়াবেতন ভাতা প্রদান, বাধ্যতামূলক অবসরে পাঠানো এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেনকে বকেয়া বেতন ও ভাতা প্রদানসহ মোট ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই বিগত সরকারের আমলে বরখাস্ত, চাকরীচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার আবেদন করেন। এর আগে, অন্তর্বর্তী সরকার একইভাবে বঞ্চিত ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন