বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে মাদকের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে অ্যান্টি ড্রাগ সোসাইটি এ সমাবেশের আয়োজন করে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি বলেন, এশিয়ার তিনটি প্রধান মাদক উৎপাদন ও চোরাচালান অঞ্চল—গোল্ডেন ট্রায়াঙ্গল (মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তান ও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজের মাঝামাঝি অবস্থানে থাকায় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। মাদক চোরাচালান প্রতিরোধ করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি মো. আল হাদীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেইলি নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল এ এস এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সোসাইটির কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কাজী আবির আসলাম, আয়াতুল্লাহ আকতার, মতিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে অ্যান্টি ড্রাগ সোসাইটির নেতারাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা অংশ নেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

