গাজীপুর-৪ আসনের ভাওয়াল চাঁদপুর কেন্দ্রের আশপাশে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের চার কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন।
পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক শুনানি শেষে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন দণ্ডাদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত বিএনপি কর্মীরা হলেন কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইলিয়াস ও সোনারুয়া গ্রামের মো. তারেক। জামায়াতের দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. মেজবাহ এবং কাপাসিয়ার মো. ইফতেখার।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

