আরও ৫দিন ভারীবৃষ্টি হবে

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালকরের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের আরও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ অবস্থার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবী ও অন্যান্য নৌযানকে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলার এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...