টানা বর্ষণে রাজধানীতে অচলাবস্থা, বৃষ্টি আরো বাড়বে বৃহস্পতিবার থেকে

স্টাফ রিপোর্টার

টানা বর্ষণে রাজধানীতে অচলাবস্থা, বৃষ্টি আরো বাড়বে বৃহস্পতিবার থেকে

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে। এটি আরো শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতিবার থেকে টানা কয়েক দিন দেশের উপকূলীয় এলাকাসহ সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি ঝরাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে দুপুরে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা পূর্ব-দক্ষিণাঞ্চল থেকে কমে মধ্য-উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে। এর ফলে সিলেট-চট্টগ্রামের দিকে বৃষ্টি কমে ঢাকা-ময়মনসিংহ, রাজশাহী রংপুর, খুলনা ও বরিশালের দিকে বৃষ্টি বেশি হচ্ছে। আগের কয়েক দিনের তুলনায় আগামী দুি-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আগামী বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন দেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়াবিদ বজলুর রশিদ আমার দেশকে বলেন, আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, দেশের মধ্য উত্তর-পশ্চিমাঞ্চলসহ ঢাকায় আরও এক-দুই দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর দু-তিন দিন বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও আবারও ১৮-১৯ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারের বৃষ্টিপাতকে 'অস্বাভাবিক' হিসেবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলছেন, স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নাজুক হচ্ছে।

এদিকে রাজধানী ঢাকায় গত দুইদিনেরটানা বৃষ্টিপাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে এই জলাবদ্ধতার ফলে সৃষ্ট যানজটে সাধারণ নাগরিক ও পরীক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোর অধিকাংশ সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, নয়াপল্টন ও মতিঝিলমুখী সড়কে তীব্র জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়ক, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র্যা ম্প এবং ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনের ইসিবি এলাকায় পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানির পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইনের কাজ চলমান থাকায় যান চলাচল আরও সংকুচিত হয়ে পড়েছে।

সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীরা জলাবদ্ধ রাস্তা মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এবং পরীক্ষা শেষে বাসায় ফিরতে গিয়ে মারাত্মক বিড়ম্বনার মুখে পড়েছেন। কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে আছেন। সাধারণ যাত্রীদের অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা ও সিএনজিসহ অন্যান্য গণপরিবহনে দুই থেকে তিন গুণ বাড়তি ভাড়া দাবি করা হচ্ছে। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যানজট পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নগরবাসীকে গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশের বার্তায় আরও বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। এ অবস্থায় নগরবাসীকে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...