১১ দলীয় ঐক্যের মানববন্ধনে গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যাবে রাজনীতি

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যাবে রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট দেশের রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

তিনি মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ১১ দলীয় ঐক্য, শহীদ পরিবার এবং আহতদের পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন সংরক্ষিত আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ও শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

গোলাম পরওয়ার আরো বলেন, স্পিকারকে আমরা বলেছি-দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতা উভয়কে সঙ্গে নিয়ে গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ ভাগ জনগণের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি নিরপেক্ষ- তবুও তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।

তিনি বলেন, ১১ দলের উদ্যোগে আগামীকাল বুধবার সকাল ১০ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, জনগণ এটা মানবে না। ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটাও বাংলাদেশ হতে দেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরো একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়বো না।

তিনি আরো বলেন, বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। যদি বিচার না করেন-তাহলে জনগণ আপনাদের বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসে আছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই- সরকারের উদ্দেশে বলেন হামিদুর রহমান আযাদ।

এছাড়াও মানববন্ধেনে বক্তব্যে শহীদ পরিবারের সদস্যরা বলেন, গণহত্যার বিচারে অসন্তোষ প্রকাশ করে বলেন, এখনো অনেক মামলার আসামীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। মামলার সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আসামীদের জামিন দেয়া হচ্ছে। এভাবে বিচার অনিশ্চিত হয়ে পড়ছে। তারা দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা.আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লা, প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...