ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

স্টাফ রিপোর্টার

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেছেন, ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিএনপি জুলাই চেতনা অস্বীকার করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচির আয়োজন না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের রক্তের সঙ্গে সরকার বেঈমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। জুলাই চেতনা সরকার বিশ্বাস করে কি-না জাতির সামনে স্পষ্ট করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার টিকতে পারেনি, পারবে না।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী জোন জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গণভোটের রায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, গণতান্ত্রিক গঠনমূলক সমালোচনা সহ্য করতে না পারাই ফ্যাসিবাদের আচরণ। জামায়াতে ইসলামী জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে গণতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করার কারণে সরকারের অনেক মন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, হাসিনার ভাষায় কথা বললে, হাসিনার তৈরি ফ্যাসিবাদী পথে হাঁটলে, জনগণকে উপহাস করলে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে।

শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল আসাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি ও ড. আব্দুল মান্নান। দারসুল কোরআন পেশ করেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...