সেলিম উদ্দিন

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

স্টাফ রিপোর্টার

বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে হলে তৃণমূল পর্যায় থেকেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক ও গাজী মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, শ্রমিক নেতা মাহবুব আলম, সাইফুল ইসলাম ও ডা. সুলতান মাহমুদসহ নেতারা উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তাঁর দল মনে করে। তিনি দাবি করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জনগণ এখন আগের তুলনায় বেশি সচেতন।

তিনি আরও বলেন, সমাজে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিপ্লব-পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির উন্নয়নের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী করতে প্রতিটি ওয়ার্ড থেকে উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে। এ ক্ষেত্রে সৎ, যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দক্ষ ও সৎ নেতৃত্ব নিশ্চিত করা গেলে নগরের চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতি কমানো সম্ভব হবে। পাশাপাশি জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, পরিবহন সংকট, পয়োনিষ্কাশনসহ নগরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...