জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
ছবি: রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে 'দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ আগস্ট বিজয়ের উল্লাসের মধ্য শেষ হবে ৩৬ দিনের এ কর্মসূচি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে "দেশ গড়তে জুলাই জাগরণ" শীর্ষক মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই মাসজুড়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে মাসব্যাপী পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে। ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষকদের প্রত্যাশা নিয়ে আলোচনা, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডেসহ মাসজুড়ে উত্তরার রক্তাক্ত জুলাই, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, আহতদের স্মৃতিচারণ, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ, উদ্যোক্তাদের নিয়ে আলোচনাসহ মাসজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে প্রবাসেও মাসব্যাপী কর্মসূচি চলবে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা হাসনাত আব্দুল্লাহকে। সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়াও কমিটিতে ২৬ জন সদস্য রয়েছে।

সংবাদ সম্মেলনে জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আলী আহসান জুনায়েদ, সদস্য আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, তারিকুল ইসলাম, আকরাম হোসাইন সিএফ, আশরেফা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে শহীদদের অবদান স্মরণ, গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে কর্মসূচিগুলোতে দেশের সর্বস্তরের নাগরিক, শিক্ষার্থী, তরুণ, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন