সৌদি প্রো লিগ

গোলহীন রোনালদো, জয় বঞ্চিত আল নাসর

স্পোর্টস রিপোর্টার

গোলহীন রোনালদো, জয় বঞ্চিত আল নাসর
পুরো ম্যাচেই অনুজ্জ্বল ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনেকদিন ধরেই চারে পড়ে রয়েছে আল নাসর। পয়েন্ট তালিকার তিনে উঠার সুবর্ণ সুযোগ ছিল এ জায়ান্ট ক্লাবের সামনে। সৌদি প্রো লিগের ম্যাচে মাঠের লড়াইয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারকে একাদশে পেয়ে তাই দারুণ কিছুর প্রত্যাশায় প্রহর গুনছিল রিয়াদের দলটি।

বিজ্ঞাপন

কিন্তু সে আশায় গুড়ে বালি! সুযোগটা কাজে লাগাতে পারেননি সিআর সেভেনর ক্লাব। উল্টো হোঁচট খেয়েছে কোচ স্তেফানি পিওলির শিষ্যরা। প্রতিপক্ষ আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এর আগের ম্যাচে আল আখদৌদের বিপক্ষে অবশ্য জয় ছিনিয়ে নিয়েছিল আল নাসর। তার আগে টানা দুই ম্যাচ হার মেনেছিল রোনালদোর দল। আল সাদ ও আল ইত্তিহাদের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর এবার পয়েন্ট খোয়াল। তাতে তালিকার চারেই পড়ে থাকতে হলো আল নাসরকে।

মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পা মাত্র একটি শিরোপা জিতেছেন রোনালদো। পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী সৌদির ক্লাবটিকে উপহার দিয়েছেন কেবল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ট্রফি। তবে কোনো টুর্নামেন্টে আর পেরে উঠছে না আল নাসর।

ইতোমধ্যে এ ফুটবল মেগাস্টারের সঙ্গে এশিয়ান ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হওয়ার দ্বারপ্রান্তে। আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন সিআর সেভেন। এ ম্যাচে পারফরম্যান্স মোটেই ভালো হয়নি আল নাসরের। রোনালদো নিজেও গোলের সন্ধান পাননি। তাতে তার দলও হয়েছে জয় বঞ্চিত।

শুক্রবার রাতে বল দখল থেকে আক্রমণ রচনায় মাঠে প্রতাপ বিস্তার করে গেছে আল নাসর। কিন্তু তারপরও কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আর পেরে উঠেনি তারা। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রোনালদোরাই। ৬৪ শতাংশ বল ছিল তাদের পায়ে। গোলমুখে আল নাসর শটও নিয়েছে সবচেয়ে বেশি- ৭টি। বিপরীতে আল তাউন অতিথিদের গোলমুখ লক্ষ্য করে শট নিয়েছে মাত্র দুটি। তবে দুটি শট নিলেও একটি গোল পেয়েছে তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) স্বাগতিক আল তাউনকে লিড এনে দেন সাদ আল নাসের। ম্যাচের ৬৪ মিনিটে আল নাসরকে সমতাসূচক গোল এনে দেন আয়েমেরিক লাপোর্তে। তবে পুরো ম্যাচে অনুজ্জ্বল ছিলেন রোনালদো।

এ নিয়ে ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। আর ২২ পয়েন্ট নিয়ে আল তাউন পড়ে আছে অষ্টম স্থানে।

সমান ম্যাচে ৪০ পয়েন্টের সংগ্রহ নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে রয়েছে নেইমার জুনিয়রের আল হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্টও ৪০। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: