ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

স্পোর্টস ডেস্ক

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

একের পর এক গোল, রেকর্ডের পর রেকর্ড। তবু কিলিয়ান এমবাপ্পের ভাবনায় নেই ব্যক্তিগত পরিসংখ্যান। বিশ্বকাপে লিওনেল মেসির সর্বকালের গোলরেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গেলেও ফ্রান্স অধিনায়কের কাছে সবচেয়ে বড় লক্ষ্য একটাই—১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি হাতে তোলা।

শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। এই জয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১৮, যা লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র একটি কম। চলতি আসরেও এমবাপ্পের গোল এখন ছয়টি, ঠিক মেসির সমান।

তবু সংবাদ সম্মেলনে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকেই বড় করে দেখালেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এমবাপ্পে বলেন, ‘আগেও বলেছি, আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে খেলতে চাই, আবার এই মাঠেই ফিরতে চাই। আমরা শুধু জয়ের জন্য খেলছি।’

গোলের রেকর্ড নিয়ে প্রশ্ন উঠলেও সেটিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি, ‘যত বেশি গোল করবেন, ততই তালিকায় ওপরে উঠবেন এটা তো স্বাভাবিক। কিন্তু আমি নিশ্চিত, লিও আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।’

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জার্মানিকে টাইব্রেকারে বিদায় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দক্ষিণ আমেরিকার দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না এমবাপ্পে।

তার ভাষায়, ‘প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আরও কিছু জায়গায় কাজ করতে হবে। উন্নতির সুযোগ সবসময় থাকে। তবে দল হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের এমন খেলোয়াড় আছে যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

প্যারাগুয়েকে হারাতে পারলে সেমিফাইনালে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হবে স্বাগতিক কানাডা অথবা মরক্কো। তবে এমবাপ্পের দৃষ্টি এখন শুধুই পরের ম্যাচে—কারণ তার কাছে গোল্ডেন বুটের চেয়ে বিশ্বকাপ ট্রফির মূল্য অনেক বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন