সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বিশ্বকাপের মঞ্চে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শনের আরেকটি নজির স্থাপন করেছে ফিফা। সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে আয়োজিত আনুষ্ঠানিকতায় দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

সাধারণত ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠের ঘাসের ওপর মেলে ধরা হয়। তবে এদিন সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি; পুরো সময় সেটি বহনকারীদের হাতে উঁচু করে রাখা হয়। অনুষ্ঠানের ভারসাম্য বজায় রাখতে একইভাবে উরুগুয়ের পতাকাও ভূমি স্পর্শ করতে দেওয়া হয়নি।

এ সিদ্ধান্তের পেছনে রয়েছে সৌদি আরবের জাতীয় পতাকার বিশেষ ধর্মীয় গুরুত্ব। পতাকাটিতে মুসলমিদের ঈমানের ঘোষণাপত্র বা কালেমায়ে শাহাদাত লেখা রয়েছে, যেখানে আল্লাহর একত্ববাদ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে।

ধর্মীয় মর্যাদার কারণে সৌদি আরবের পতাকাকে মাটিতে রাখা বা এমন কোনো অবস্থায় উপস্থাপন করা অনুচিত বলে বিবেচিত হয়, যা অসম্মানজনক হিসেবে দেখা যেতে পারে। সে কারণেই ফিফা বিশেষ এই প্রোটোকল অনুসরণ করেছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের ৪১তম মিনিটে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। পরে ৮০তম মিনিটে ম্যাক্সি আরাউজোর গোল উরুগুয়েকে সমতায় ফেরায়।

এই ড্রয়ের ফলে দুই দলই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে এবং পরবর্তী পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জিইয়ে রেখেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন