আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের মোস্ট ভ্যালুঅ্যাবল ক্রিকেটারের জন্য নতুন পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও চলমান ঢাকা টেস্টে মোস্ট ভ্যালুঅ্যাবল বাংলাদেশি ক্রিকেটারের জন্য রয়েছে ই-মটরসাইকেল। এর ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি পুরস্কার দিবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরির সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিসিবি। তাদের সৌজন্যে অস্ট্রেলিয়া সিরিজে মোস্ট ভ্যালুঅ্যাবল বাংলাদেশি ক্রিকেটারকে দেওয়া হবে একটি গাড়ি।
গতকাল আলোচনার পর আজ এ নিয়ে চুক্তি করা সম্পন্ন করা হয়। গতকালই চেরির সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তামিম ইকবাল। তিনি আরও জানান, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট ম্যাচ জয়ের পর এবারই প্রথম মোস্ট ভ্যালুঅ্যাবল ক্রিকেটারের জন্য এমন গাড়ি পুরস্কার দেওয়ার চল চালু করেছে বিসিবি।
তামিম স্মৃতিচারণ করে বলেন, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তার ভাই নাফিস ইকবাল গাড়ি পেয়েছিলেন। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জেতায় গাড়ি পেয়েছিলেন তখনকার ভারপ্রান্ত অধিনায়ক সাকিব আল হাসান।
গাড়ি পুরস্কার দেওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনায় খেলোয়াড়রা শিহরিত হবেন। এমনটাই বিশ্বাস করেন তামিম, ‘এটা আমার জন্য গর্বের ব্যাপার। এ রকম বড় বড় কোম্পানি যত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে শুরু হবে, সেটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো। আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে খেলবে আগামী ৯ জুন। পরের দুটি ওয়ানডে মাঠে গড়াবে ১১ ও ১৪ জুন। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১৯ ও ২১ জুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

