ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস রিপোর্টার

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাঁর চিকিৎসা ব্যয়ের সহায়তায় ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে মন্ত্রণালয়।

রোববার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে এই অনুদান দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। এ বিষয়ে একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। বিষয়টি জানতে পারার পর তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী হৃদয়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তাঁর ভাষ্য, আজকের এই অনুদান কেবল একটি প্রতীকী উদ্যোগ। দেশের যেকোনো ক্রীড়াবিদ সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...