মেসির গোলের রোমাঞ্চে ভাসলেন আর্জেন্টাইন সাংবাদিক

স্পোর্টস ডেস্ক

মেসির গোলের রোমাঞ্চে ভাসলেন আর্জেন্টাইন সাংবাদিক

ফুটবল মাঠে লিওনেল মেসির জাদুকরী মুহূর্ত কিংবা নান্দনিক গোল উদযাপন নতুন কিছু নয়। তবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে সতীর্থদের কাছে না গিয়ে গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ৯৫ মিনিটে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আলবিসেলেস্তেরা অস্ট্রিয়ার একের পর এক আক্রমণে বেশ স্নায়ুচাপে ছিল। ঠিক তখনই ম্যাচের নাটকীয় মুহূর্তে জুলিয়ান আলভারেজের শট এবং মেসির প্রথম প্রচেষ্টা অস্ট্রিয়ার রক্ষণভাগ রুখে দিলেও তৃতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান মেসি।
গোলপোস্টের ঠিক কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদক হোয়াকিন ব্রুনো। গোলটি হতেই পেশাদারিত্বের দেয়াল ভেঙে ব্রুনো মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি পাগলের মতো চিৎকার করে উঠি। মনে হচ্ছিল আমি কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সাধারণ সমর্থক।’ সঙ্গে যোগ করেন, ‘দেখি, লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনো চিৎকার করছি আর সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করল।’
ব্রুনোর এই বাঁধভাঙা আবেগ চোখ এড়ায়নি মেসির। গোল করার পর আর্জেন্টিনার অধিনায়ক সরাসরি এগিয়ে যান ব্রুনোর দিকে। চিৎকার করতে থাকা ব্রুনোর দিকে তাকিয়ে হাসিমুখে বাড়িয়ে দেন হাত, করেন করমর্দন।
ম্যাচ শেষে কাঁপতে কাঁপতে ব্রুনো বলেন, ‘এখনো কাঁপছি, পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। চিৎকার করতে দেখে লিও এসে আমার সঙ্গে হাত মেলালো, এটা বিশ্বাস করতে পারছি না। এটি আমার সাংবাদিকতা জীবনের সেরা দিন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনো আরো লেখেন, ‘একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী, একজন মেসি ভক্তের জন্য এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর সে ছবিটা আমি সারা জীবন মনে রাখব।’
পরে ফটোগ্রাফারদের ক্যামেরায় বন্দি হওয়া সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে। মাঠের সেই রোমাঞ্চকর মুহূর্তটি ব্রুনো ও কোটি ফুটবল ভক্তের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...