মেসির প্রশংসায় ‘ভাষাহীন’ স্কালোনি

স্পোর্টস ডেস্ক

মেসির প্রশংসায় ‘ভাষাহীন’ স্কালোনি

লিওনেল মেসি যেন বয়সকে উপহাস করেই খেলছেন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল-বিশ্বকাপের দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই এসেছে তার পা থেকে। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন মেসি। ২৮ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৮। এমন রেকর্ডের পর ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে গিয়ে ভাষাই খুঁজে পাচ্ছেন না স্কালোনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘লিও যখন ছন্দে থাকে, তখন সবাই ছন্দে চলে আসে। আর এটা দলেরই কৃতিত্ব। দল যখন কঠিন সময় পার করছিল, তখনও সে কঠোর পরিশ্রম করেছে, গোলের জন্য চেষ্টা করেছে এবং পুরোপুরি নিবেদিত ছিল। সে যেভাবে সবাইকে অনুপ্রাণিত করে, সেটা সত্যিই দারুণ। এর বাইরে আর কী বলব জানি না, আর এটুকু যথেষ্ট কি নাÑসেটাও জানি না।’

বিজ্ঞাপন

জয় আর নকআউট নিশ্চিত হওয়ার আনন্দের মাঝেও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, দলকে এখনো বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। অস্ট্রিয়ার বিপক্ষে স্কোরলাইন স্বস্তিদায়ক হলেও পারফরম্যান্সে হতাশ স্কালোনি। বল দখলে অস্ট্রিয়ার সঙ্গে প্রায় সমানে সমান লড়াই করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘এটি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতোই ছিল। এরা এমন প্রতিপক্ষ যাদের উঁচুমানের খেলোয়াড় রয়েছে, যারা পরিস্থিতি কঠিন করে তোলে ও শারীরিকভাবে বেশ শক্তিশালী। আমাদের কিছু বিষয় সংশোধন করতে হবে। তবে জয় সবকিছুকে সহজ করে তোলে।’

তবে কঠিন ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার মানসিকতায় সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ, ‘যখন আমাদের কষ্ট করতে হয়, আমাদের দল তা করে। আজ কিছু সময় প্রতিপক্ষ কঠিন পরিস্থিতিতে না ফেলা সত্ত্বেও আমরা চাপে ছিলাম। মানুষ আমাদের দলটিকে খেলা উপভোগ করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার জন্য উচ্ছ্বসিত। আমরা খুশি। মনে হয়েছিল এটি সহজ হবে, কিন্তু তা হয়নি; আপনারা উভয় ম্যাচই দেখেছেন।’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আর্জেন্টিনাকে অন্যতম দাবিদার হিসেবে দেখা হলেও স্কালোনি মনে করিয়ে দিয়েছেন, প্রতিযোগিতাটা মোটেও সহজ নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দলই আছে যারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্য। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। বড় দলগুলোর মধ্যেই কেউ জিতবে, আমরাও লড়াইয়ে থাকব; তবে সবার জন্যই পথটা কঠিন হতে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...