প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়া, ম্যাচ থেকে ছিটকে যাওয়ার চরম শঙ্কা—সব প্রতিকূলতা জয় করে বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াল আলজেরিয়া। সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ২–১ গোলে হারিয়ে নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উত্তর আফ্রিকার দলটি। এই রোমাঞ্চকর জয়ে আলজেরিয়ানরা উল্লাসে মাতলেও, টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এশিয়ান দল জর্ডানের। বিশ্বকাপের মঞ্চে তাদের এ জয় এল ঠিক এক যুগ পর। ২০১৪ সালের পর বিশ্বকাপে এটিই আলজেরিয়ার প্রথম জয়।
খেলার শুরু থেকেই আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল আলজেরিয়ার। তবে ম্যাচের ধারার বিপরীতে প্রথম গোল করে বসেন জর্ডানের নিজার আল–রাশদান। ম্যাচের ৩৬ মিনিটে তাঁর করা চমৎকার এই গোলের ওপর ভর করে দীর্ঘ আধা ঘণ্টারও বেশি সময় লিড ধরে রেখেছিল জর্ডান। ১–০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা আলজেরিয়া বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে।
অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে জর্ডানের ডিফেন্স ভেঙে গোল করেন নাদির বেনবুয়ালি। তাঁর এই গোলের পর ম্যাচে সমতা ফেরার পাশাপাশি আলজেরিয়া যেন নতুন প্রাণ ফিরে পায়। একের পর এক আক্রমণ চালিয়ে তারা কোণঠাসা করে ফেলে জর্ডানের রক্ষণভাগকে। যার সুফল মেলে ম্যাচের ৮২ মিনিটে; আমিনে গুইরির দুর্দান্ত এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয়োল্লাসে মেতে ওঠে তারা।
এই জয়ের ফলে ‘জে’ গ্রুপের নকআউটের সমীকরণ এখন বেশ জমে উঠেছে। গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই ৬ পয়েন্ট তুলে নিয়ে ইতিমধ্যেই টেবিলের শীর্ষস্থান ও পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে, দুই ম্যাচ শেষে অস্ট্রিয়া ও আলজেরিয়া—উভয় দলের পয়েন্টই এখন ৩ করে। ফলে গ্রুপের শেষ ম্যাচে এই দুটি দল একে অপরের মুখোমুখি হবে দ্বিতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে।
বিপরীতে বিদায়ঘণ্টা বেজে গেছে জর্ডানের। প্রথম দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া এশিয়ান দলটি যদি তাদের শেষ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে অলৌকিক কিছু করেও ফেলে, তবুও হেড-টু-হেড লড়াইয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া দুই দলের চেয়েই পিছিয়ে থাকায় তারা টেবিলের তৃতীয় স্থানেও উঠতে পারবে না। ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখা জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেল আজই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

