প্রথম ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মঙ্গলবার রাতে বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগিজ এই মহাতারকা করেন চোখ ধাঁধানো জোড়া গোল। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে পর্তুগাল ৫-০ গোলের বড় জয় পেলেও মাঠের বাইরের এক মন্তব্য নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন বিতর্ক।
উজবেকিস্তানকে বিধ্বস্ত করার পর ক্যামেরার সামনে রোনালদো ঘোষণা দেন, ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি)। পরে মিক্সড জোনে এ মন্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়।’
তবে রোনালদোর এই ‘ফিরে আসার’ বার্তার সঙ্গে একমত হতে পারেননি সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসের এক আলোচনা অনুষ্ঠানে রোনালদোকে খোঁচা দিয়ে ইব্রা বলেন, ‘ওর বার্তার কথা যদি বলি, আমার তো মনে হয় না সে কোথাও হারিয়ে গিয়েছিল। জানি না কেন বলল, আই অ্যাম ব্যাক। এটা তো গোল করারই ম্যাচ ছিল। এটি ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’
বিশ্লেষকদের মতে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তান শক্তির বিচারে অনেকটা পিছিয়ে। নিজেদের প্রথম ম্যাচেও তারা কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল। তাই ইব্রার মতে, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে গোল উৎসব করা পর্তুগালের জন্য খুবই স্বাভাবিক ছিল।
ইব্রাহিমোভিচের খোঁচা কিংবা বাইরের সমালোচনা-যাই হোক না কেন, এই ম্যাচ দিয়ে রোনালদো ফুটবল ইতিহাসে দুটি অনন্য বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন। তিনি এখন বিশ্বের প্রথম ফুটবলার, যিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ও এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। সমালোচকদের উদ্দেশে সিআরসেভেনের বার্তা পরিষ্কার-তিনি এখনো ফুরিয়ে যাননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

