অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যারা

স্পোর্টস রিপোর্টার

শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যারা

বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ এখন তুঙ্গে। ৪৮ দলের মহাযজ্ঞ থেকে টিকে আছে কেবল আট দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দলগুলো। এবারের শেষ আটের লাইনআপে পরিষ্কারভাবে ফুটে উঠেছে ইউরোপীয় ফুটবলের একচ্ছত্র আধিপত্য। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আট দলের মধ্যে ছয় দলই ইউরোপের। লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে আর্জেন্টিনা আর আফ্রিকার গৌরব ধরে রেখেছে মরক্কো।
কোয়ার্টার ফাইনালের এই ব্লকবাস্টার ম্যাচগুলোকে সামনে রেখে ফুটবল ডেটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টার সুপারকম্পিউটার’ তাদের গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রায় ১০ হাজারবার কৃত্রিম ম্যাচ সিমুলেশন, খেলোয়াড়দের বর্তমান ফর্ম এবং অতীত রেকর্ড বিশ্লেষণ করে অপ্টা জানিয়েছে, সেমিফাইনালের টিকিট কাটার দৌড়ে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।
এই সুপারকম্পিউটারটি এর আগে নকআউটের প্রথম পর্বের ১৬ ম্যাচের মধ্যে ১৪টি এবং শেষ ষোলোর আট ম্যাচের মধ্যে ছয়টিরই সঠিক ফলাফল অনুমান করতে পেরেছিল।
অপ্টার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭২.১০ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা মাত্র ২৭.৯০ শতাংশ। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের (২৯.২৮ শতাংশ) চেয়ে স্পেন (৭০.৭২ শতাংশ) অনেক এগিয়ে। নরওয়ের ৩৮.০৪ শতাংশের বিপক্ষে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ৬১.৯৬ শতাংশ। আর সুইজারল্যান্ডের ৩৬.৩৮ শতাংশের বিপক্ষে ফেভারিট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৩.৬২ শতাংশ।
এদিকে, ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র জনপ্রিয় বিশ্লেষণধর্মী টুল ‘ক্রিস্টাল বল’ও তাদের পূর্বাভাসে ফ্রান্স ও আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত দলগতভাবে সর্বোচ্চ ১৪টি করে গোল করেছে দল দুটি। মাঠের লড়াইয়েও চলছে দারুণ দ্বৈরথ; ৮ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি আর ৭টি করে গোল নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। ‘ক্রিস্টাল বল’-এর হিসাব অনুযায়ী, কোয়ার্টার ও সেমিফাইনালের বৈতরণী পার হয়ে ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০.৫ শতাংশ। তবে পরিসংখ্যান যা-ই বলুক, মাঠের লড়াইয়ে যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত আন্ডারডগ দলগুলোও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...