কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

স্পোর্টস ডেস্ক

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন  না স্কালোনি

একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অপরদিকে বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই ইতিহাস গড়া কেপ ভার্দে। কাগজে-কলমে দুই দলের শক্তির ব্যবধান বিশাল হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির চোখে এই লড়াই মোটেও একপেশে হিসেবে দেখছেন না। বরং শেষ বত্রিশের ম্যাচের আগে নিজের শিষ্যদের সতর্ক করে তিনি বলেছেন, কেপ ভার্দেকে অবমূল্যায়ন করলে বড় ভুল হবে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে টানা তিন জয়ে ‘গ্রুপ জে’ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে রানার্সআপ হয়ে ইতিহাস গড়েছে বিশ্বকাপ অভিষিক্ত কেপ ভার্দে। সেই কারণেই আফ্রিকার দলটিকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘কেপ ভার্দে আমাকে মোটেও অবাক করেনি, কারণ তারা সত্যিই ভালো একটি দল। তারা স্পেনের মতো অন্যতম ফেভারিট দলকে কঠিন পরীক্ষায় ফেলেছে, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও দারুণ খেলেছে। তারা দ্রুতগতির এবং যথেষ্ট মানসম্পন্ন একটি দল।’

স্কালোনি মনে করেন, এবারের বিশ্বকাপে সহজ কোনো ম্যাচ নেই। নাম নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপ আমাদের দেখিয়ে দিয়েছে, এখানে কোনো সহজ ম্যাচ নেই। প্রতিটি প্রতিপক্ষই কঠিন এবং নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ থাকে না।’

মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আরেকটি বড় আলোচনার বিষয় আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ হলেও প্রচণ্ড গরম ও আর্দ্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘এত গরম আবহাওয়ায় এই সময়ে ম্যাচ রাখা বোঝা কঠিন। তবে দুই দলই একই পরিস্থিতিতে খেলবে, তাই অভিযোগ করার কিছু নেই।’

আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি। গ্রুপ পর্বে ছয় গোল করে দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক এবার প্রথম একাদশে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে স্কালোনির মতে, শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলই আর্জেন্টিনার শক্তি। গ্রুপ পর্বে কিছুটা রদবদল করে খেলালেও এবার পূর্ণশক্তির দল নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সামনে লক্ষ্য একটাই, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন