বাংলাদেশের ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জয়ের অন্যতম স্থপতি মুশফিকুর রহিম পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মাসসেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে ২০২১ সালের মে মাসেও একই সম্মান অর্জন করেছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করে জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। ঢাকা টেস্টে দলের সংকটময় মুহূর্তে খেলেছিলেন ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর সিলেটে তার ১৩৭ রানের অনবদ্য শতকই বদলে দেয় ম্যাচের চিত্র।
২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক ৩৯ বছর বয়সেও যে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার, পাকিস্তান সিরিজে তা আরও একবার প্রমাণ করেছেন। তার অভিজ্ঞতা ও দৃঢ় মানসিকতায় ভর করেই বাংলাদেশ তুলে নেয় ইতিহাস গড়া সেই সিরিজ জয়।
পুরস্কার জয়ের পর মুশফিক বলেন, “আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি আরও বেশি আনন্দিত।”
সতীর্থ তাইজুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে তাইজুলও বড় ভূমিকা রেখেছে। এটি এমন একটি সিরিজ, যা আমরা দীর্ঘদিন মনে রাখব।”
মুশফিক আরও বলেন, “এই জয় আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়ে দিয়েছে। তাই অর্জনটি দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞ। সামনের মাসগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।”
অন্যদিকে, নারীদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে তিনি পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিনকে পেছনে ফেলেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

