পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ২০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন আফ্রিকা কমান্ডের একজন কর্মকর্তা জানান, বোকো হারাম ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন যুক্তরাষ্ট্রের সেনারা।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দেশটিতে আগে থেকেই অবস্থান করা একটি ছোট দলের পরিপূরক হবে নতুন দলটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নাইজেরিয়ায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন আফ্রিকা কমান্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, তারা ‘প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত দিকনির্দেশনা’ প্রদান করবে, যার মধ্যে রয়েছে নাইজেরিয়ার সেনাদের বিমান হামলা এবং স্থল সেনাদের সমন্বিত অভিযানে সহায়তা করা।
নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র সামাইলা উবা জার্নালকে জানিয়েছেন, মার্কিন সেনারা সরাসরি যুদ্ধ বা অভিযানে জড়িত হবে না।
নিরাপত্তাহীনতার কারণে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে রয়েছে নাইজেরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, খ্রিষ্টানদের বিরুদ্ধে নিপীড়ন চালানো হচ্ছে।
যদিও দেশটিতে খ্রিষ্টানদের পাশাপাশি মুসলিমরাও হত্যাকাণ্ডের শিকার হন। ট্রাম্পের আরব ও আফ্রিকানবিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলোস গত বছর বলেছিলেন, বোকো হারাম ও ইসলামিক স্টেট ‘খ্রিস্টানদের চেয়ে বেশি মুসলিমদের হত্যা করছে।’ নাইজেরিয়ায় খ্রিষ্টানদের নির্যাতনের অভিযোগ আবুজা প্রত্যাখ্যান করেছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প