চলমান সংকটের অবসান ঘটলেও হরমুজ প্রণালির নৌ-পরিবহনব্যবস্থা আর ‘কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না’ বলে মনে করেন ইরানের মার্চেন্ট মেরিন ইউনিয়নের প্রধান সামান রেজায়েই।
আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) অধিভুক্ত প্রতিষ্ঠান ইরানি মার্চেন্ট মেরিনার্স সিন্ডিকেটের (আইএমএমএস) এই মহাসচিব আলজাজিরাকে বলেন, ‘শতক ধরে এই প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল। কিন্তু এই যুদ্ধ আগের সেই শৃঙ্খলা ও কাঠামো ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। এখন আমাদের একটি নতুন শৃঙ্খলা এবং এর উপকূলীয় রাষ্ট্রগুলোর আরো কার্যকর ভূমিকার জন্য অপেক্ষা করতে হবে।’
রেজায়েই জানান, বৈশ্বিক শিপিং বা নৌ-পরিবহন শিল্প মনে করে, এই প্রণালি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা একটি ‘দীর্ঘ এবং অনিশ্চিত প্রক্রিয়া’ হতে পারে।
তার মতে, এই পুনরুদ্ধার প্রক্রিয়া ‘টেকসই শান্তি, দৃশ্যমান হুমকি হ্রাস এবং কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া বেশ কয়েকবার জাহাজ চলাচল সম্পন্ন হওয়ার’ মতো যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
পুনরুদ্ধারের সুনির্দিষ্ট সময়সীমার বিষয়ে রেজায়েই উল্লেখ করেন, জাহাজের বিশাল জটলা এবং ক্রু বা নাবিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কারণে এতে ‘কয়েক মাস না হলেও, কয়েক সপ্তাহ’ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে আইটিএফ।
তিনি আরো বলেন, ‘এছাড়া, পারস্য উপসাগরের উভয় তীরের বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এবং বাণিজ্য ও তেল কর্তৃপক্ষের বেশ কয়েকটি প্রধান স্থাপনা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন।’
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


