ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানে ৯০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে এবং কাস্পিয়ান সাগরের তীরে উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাতে চাবাহার বন্দরে বিস্ফোরণ ও বিদ্যুদ্বিভ্রাটের ঘটনা ঘটেছে। ধ্বংসাবশেষ পড়ে একটি হাসপাতালের ক্ষতি হয়েছে। এছাড়া দুটি জেটি এবং একটি সমুদ্রপথ নিয়ন্ত্রণ টাওয়ারেও হামলা হয়েছে।
ইরানশাহর শহরের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এতে বিমানবন্দরের পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুশেহর শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, শহরটির বিভিন্ন স্থাপনা এবং পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপেও হামলা হয়েছে।
বান্দার আব্বাসে হাকানি বন্দরের কাছে বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। এছাড়া আবু মুসা দ্বীপ, সিরিক, জাস্ক ও কোনারাক শহরেও হামলা ও বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
উত্তর ইরানের আককালা শহরের একটি রেলসেতুতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে আহভাজ শহরের কাছে হামলায় ৩ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে, বুধবার বান্দার আব্বাস ও বুশেহর এলাকায় হামলায় ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত হন।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


