ট্রাম্পকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবতে বললেন মেলোনি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবতে বললেন মেলোনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

নিজের রাজনৈতিক জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ট্রাম্পকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যকার এই বিতর্ক এখন আরো তীব্র হয়েছে।

শনিবার ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা দিনে দিনে কমছে।

বিজ্ঞাপন

তিনি আরো অভিযোগ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার মার্কিন প্রচেষ্টায় মেলোনি সমর্থন দিচ্ছেন না। এ ছাড়া একটি ছবি তোলার জন্য মেলোনি বারবার অনুরোধ করেছিলেন বলেও ট্রাম্প দাবি করেন।

এর জবাবে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মেলোনি ট্রাম্পের এই ক্রমাগত ও উসকানিমূলক আক্রমণকে 'অর্থহীন' বলে অভিহিত করেছেন।

মেলোনি বলেন, ‘আমার জনপ্রিয়তার কথা যদি বলেন, আপনার বন্ধু হওয়াটা নিশ্চিতভাবেই এতে কোনো সাহায্য করেনি। আমার জনপ্রিয়তা আপনার উদ্বেগের বিষয় নয়। আমি পরামর্শ দেব আপনি নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবুন।’

এর আগে শনিবার ট্রাম্প অভিযোগ করেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের জন্য ইতালির বিমান ঘাঁটি ব্যবহার করতে না দিয়ে মেলোনি বড় ধরনের লজিস্টিক সমস্যা তৈরি করেছেন। এর জবাবে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ইতালির ঘাঁটি ব্যবহারের বিষয়টি চুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেই চুক্তি লঙ্ঘন করা যাবে না।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘মিনতি’ করেছিলেন বলে ট্রাম্প প্রথম দাবি করেন। শুক্রবার মেলোনি জানান, ট্রাম্পের এমন দাবিতে তিনি বিস্মিত হয়েছেন।

তিনি একটি ভিডিওতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, তা আমি জানি না। তবে তার একটি জিনিস মনে রাখা উচিত, আমি বা ইতালি কখনোই মিনতি করি না।’

চলতি বছর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর থেকে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এই বিতর্কের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি আগামী সপ্তাহের শুরুতে নির্ধারিত তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

সূত্র: বিবিসি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন