বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে সৃষ্ট আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত (প্রাইভেট) পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে দিল্লিতে প্রবেশের উদ্দেশ্যে এসেছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি একটি সম্মেলনে অংশ নিতে এসেছেন বলে জানান।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমতি পাওয়ার পরও তিনি সম্মেলনে অংশ না নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত রোববার একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান জাহেদ উর রহমান। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের কারণে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিষয়টি নিয়ে পরে ব্যাপক আলোচনা শুরু হয়।
জাহেদ উর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল্য।
জানা গেছে, বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্যোগে শেষ পর্যন্ত তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ না করে সোমবার ঢাকায় ফিরে আসেন।
এ ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও তুলে দেওয়া হয়।
সূত্র: বিবিসি বাংলা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



বারবার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের