আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জার্মানির

আমার দেশ অনলাইন

চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জার্মানির

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার চীনের প্রতি অস্ত্র উন্নয়নে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন। সর্বশেষ মার্কিন–রাশিয়া পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ায় বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন নিরস্ত্রীকরণকর্মী। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এর ফলে চীনও তার পারমাণবিক অস্ত্রভান্ডার আরও বাড়াতে উৎসাহিত হতে পারে।

অস্ট্রেলিয়া সফরের সময় ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, “যেকোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। এটি দেখায়, বিশ্বে নতুন আস্থা গড়ে তোলার কাজ কতটা বড়, যা ভবিষ্যতের নতুন চুক্তির ভিত্তি হতে পারে।”

তিনি বলেন, ভবিষ্যতের সব অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগে চীনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

ভাডেফুল বলেন, “চীনকে অন্তর্ভুক্ত করতেই হবে। চীন বারবার বলে যে তারা বহুপাক্ষিকতার পক্ষে। অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাদের প্রমাণ করতে হবে যে তারা সংযম দেখাতে প্রস্তুত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আস্থায় বিনিয়োগ করতে রাজি।”

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন একটি নতুন চুক্তির আহ্বান জানান, যাতে চীনকে অন্তর্ভুক্ত করা হবে।

রুবিও বলেন, ‘২১ শতকে প্রকৃত অস্ত্র নিয়ন্ত্রণ চাইলে চীনকে বাদ দিয়ে কিছু করা অসম্ভব। কারণ তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত এবং ব্যাপকভাবে বাড়ছে—এ বিষয়ে প্রেসিডেন্ট আগেও স্পষ্ট অবস্থান নিয়েছেন।’

বিশেষজ্ঞদের মতে, চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত বাড়ছে। বর্তমানে দেশটির কাছে আনুমানিক ৫৫০টি কৌশলগত পারমাণবিক উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। যদিও এই সংখ্যা এখনো নিউ স্টার্ট চুক্তির আওতায় সীমাবদ্ধ থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (প্রতিটি প্রায় ৮০০টি) তুলনায় কম।

এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও ব্রিটেন, যারা চুক্তির আওতাভুক্ত, এ দুই দেশের কাছে মিলিয়ে আরও প্রায় ১০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...