হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, বেইজিংয়ে বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্প-জিনপিং বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাইওয়ান সংক্রান্ত বিষয়টি উল্লেখ না করে বিবৃতিতে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির কথা উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চীনে মার্কিন ব্যবসার বাজার সম্প্রসারণ এবং শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি নিয়েও কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবশালী কোম্পানির নেতারাও বৈঠকে যোগ দেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রে ফেন্টানিল তৈরির কাঁচামালের প্রবাহ বন্ধে অগ্রগতির ওপর জোর দেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের আরও কৃষিপণ্য কেনার’ ওপর জোর দেন তিনি।
হোয়াইট হাউস জানায়, ‘জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত থাকতে হবে। প্রণালিটির সামরিকীকরণের বিরোধিতা করে চীন এবং এর ব্যবহারের জন্য কোনও ধরনের টোল আরোপের প্রচেষ্টারও বিরোধী। ভবিষ্যতে এই প্রণালির ওপর চীনের নির্ভরতা কমাতে আরও বেশি মার্কিন তেল কেনার আগ্রহও প্রকাশ করেছেন শি।
বিবৃতিতে আরো যোগ করা হয়, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এ বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য রয়েছে।’
হোয়াইট হাউসের এই বিবৃতির বিষয়ে অবশ্য চীন আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।
এর চীনা পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যু ‘সঠিকভাবে’ মোকাবিলা করা না হলে ‘দুই দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে শি।
চীনা প্রেসিডেন্ট বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে তাইওয়ান প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কে সামগ্রিক স্থিতিশীলতা আসবে।’
চীনা প্রেসিডেন্ট সতর্কবাণী উচ্চারণ করে যোগ করেন, ‘অন্যথায়, দুই দেশের মধ্যে সংঘর্ষ ও দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, যা পুরো সম্পর্ককে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে।’
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম: ওবামা