খামেনির জানাজা ঘিরে যত নিরাপত্তা হুমকি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির জানাজা ঘিরে যত নিরাপত্তা হুমকি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস শুক্রবার সতর্ক করে বলেছে, আগামী কয়েক দিনে যদি কেউ ইরানের ওপর হামলা বা কোনো ধরনের আক্রমণের চেষ্টা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান ঘিরে এই সতর্কতা দেওয়া হয়েছে।

আইআরজিসি জানায়, ‘কেউ যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাকে আগের চেয়ে আরো কঠিন ও বিধ্বংসী জবাব দেওয়া হবে, যা তাদের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘হত্যার লক্ষ্যবস্তু’।

ইরান আশঙ্কা করছে, জানাজার অনুষ্ঠানে হামলার চেষ্টা হতে পারে। কারণ সেখানে লাখ লাখ মানুষ এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন।

এত বড় জনসমাগমে যদি কোনো হামলা হয়, তাহলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারাও হত্যাচেষ্টার ঝুঁকিতে থাকবেন।

শুক্রবার রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তেহরানের রাস্তায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া সোমবার তেহরানের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ইরান।

ইসরাইলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইরান আকাশপথ ও স্থলপথ—দুই দিক থেকেই সম্ভাব্য হামলার আশঙ্কা করছে। তাই তারা কোনো ঝুঁকি নিতে চায় না এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ইরানের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলই শুধু হুমকি নয়। দেশের ভেতরেও কিছু সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে শঙ্কা রয়েছে। এর মধ্যে কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো উল্লেখযোগ্য।

এছাড়া, ইরান আশঙ্কা করছে যে নির্বাসিত বিরোধী সংগঠন মুজাহিদিন-ই-খালকও হামলার চেষ্টা করতে পারে। ইরানের অভিযোগ, এই সংগঠনটি বহু বছর ধরে দেশের ভেতরে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন