জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রাখার রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এ পদক্ষেপ নিলেন ট্রাম্প।

নতুন আদেশের একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান ব্যতিক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিদেশি কূটনীতিকদের পাশাপাশি আক্রমণকারীদের সন্তান, নাগরিকত্ব কেনার চেষ্টা করছেন বলে বিবেচিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদেরও এই সুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। অন্য আদেশে কেবল সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে বিদেশি নারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওভাল অফিসে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্বকে ‘প্রহসনে’ পরিণত করেছে এবং তার প্রশাসন এ বিষয়ে নতুনভাবে পদক্ষেপ নিচ্ছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প অস্থায়ী ভিসাধারী ও অনথিভুক্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। তবে গত জুনে সুপ্রিম কোর্ট ১৪তম সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত ধারা উল্লেখ করে সেই উদ্যোগকে অসাংবিধানিক ঘোষণা করে।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নতুন নির্বাহী আদেশগুলোরও আদালতে টিকে থাকার সম্ভাবনা কম।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন