আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জার্মানির সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিতে চায় চীন

আমার দেশ অনলাইন

জার্মানির সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিতে চায় চীন

জার্মানির সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে এক ‘নতুন উচ্চতায়’ উন্নীত করতে আগ্রহী চীন। দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই শনিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎজের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় মিউনিখে আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে।

বিজ্ঞাপন

মিউনিখ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়ন যখন চীন ও যুক্তরাষ্ট্র—উভয়ের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে, তখন বেইজিং নিজেকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ওয়াং ই জার্মানির সঙ্গে ‘সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারত্ব’ নতুন স্তরে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বার্লিনের সমর্থনে উচ্চপর্যায়ের মতবিনিময়ের পরবর্তী ধাপ প্রস্তুতের কথাও উল্লেখ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের গভীর অর্থনৈতিক সম্পর্ক নানা কারণে টানাপোড়েনে পড়েছে। অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ, সুরক্ষাবাদ ও বৈশ্বিক বাণিজ্যনীতির পরিবর্তন—এসব ইস্যুতে দূরত্ব বেড়েছে। খবরে বলা হয়েছে, মের্ৎজ এ মাসেই তার প্রথম চীন সফরে যেতে পারেন। পরিবর্তিত বাণিজ্যিক সম্পর্ক কীভাবে সামাল দেওয়া হবে, সেটিই হতে পারে সফরের প্রধান আলোচ্য বিষয়।

বৈঠকে ওয়াং ই জার্মানিকে ‘কৌশলগত স্বায়ত্তশাসন ও আত্মনির্ভরতা’ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, চীন-ইউরোপ সহযোগিতায় জার্মানি চালিকাশক্তি হতে পারে এবং কৌশলগত সম্পর্কে স্থিতিশীলতা আনতে ‘স্থিতিশীল নোঙর’ হিসেবে কাজ করতে পারে।

এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল গত ডিসেম্বরে বেইজিং সফর করে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর প্রভাব খাটানোর আহ্বান জানান। তবে তার আরেকটি নির্ধারিত চীন সফর শেষ মুহূর্তে বাতিল হয়, কারণ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা যায়নি বলে জার্মানি জানিয়েছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন