আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাঁধে বহনযোগ্য চীনের তৈরি ৩০০ থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিতে কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ মডেলের বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি হংকংভিত্তিক সংস্থা ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পন্ন হয়েছিল। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রয়টার্সের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটি স্বল্পপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। নতুন এসব মোবাইল ক্ষেপণাস্ত্রব্যবস্থা দ্রুত মোতায়েন করা যায় এবং ড্রোন, হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড়ন্ত বিমান প্রতিহত করা সম্ভব হয়।
এছাড়া ইরান চীনের কাছ থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম, বিশেষ করে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


