জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে, যা তাদের সরকার গঠনে শক্ত অবস্থানে নিয়ে গেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রাথমিক ফলাফলের তথ্য অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি ইতোমধ্যে ৩৫২টি আসনে জয় নিশ্চিত করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় এটি অনেক বেশি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।
নির্বাচনে জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তাকাইচি। তিনি বলেন, তার দল দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয় হলেও এলডিপি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক তহবিল জালিয়াতি ও ধর্মীয় সংগঠন সংশ্লিষ্ট কেলেঙ্কারির কারণে চাপের মুখে ছিল। এমন প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস পরই তাকাইচি আগাম নির্বাচনের ঘোষণা দেন, যার লক্ষ্য ছিল দলের প্রতি জনগণের আস্থা পুনর্নিশ্চিত করা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই তাকাইচি সরাসরি জনগণের ম্যান্ডেট চাইতে এই নির্বাচন আয়োজন করেন।
এই ফলাফল তার দুই পূর্বসূরির সময়ের চিত্রের সঙ্গে বিপরীত, যখন দুর্নীতির অভিযোগ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এলডিপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘ সময় ধরে জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শক্তিশালী বিরোধী দলের অভাব এই দীর্ঘ শাসনের অন্যতম কারণ।
আগাম নির্বাচন ঘোষণার সময় অনেকেই এটিকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখেছিলেন। কারণ তখন এলডিপি সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল এবং দীর্ঘদিনের জোটসঙ্গী কুমেইতো দলের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরেছিল।
তবে নির্বাচনী ফলাফল ইঙ্গিত দিচ্ছে, সানায়ে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তাই দলকে বড় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার সরকারের অনুমোদনের হার অধিকাংশ সময়েই ৭০ শতাংশের ওপরে ছিল।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

